শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:১৪, ৮ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
দেশের পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্য অংশ থেকেও এটি বিদায় নিতে পারে। তবে মৌসুমি বায়ুর বিদায়লগ্নেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার সকাল ৯টা থেকে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আগামী পাঁচ দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকা এক্সপ্রেস/এসআই