ঢাকা, রোববার, ২২ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

গঙ্গা-পদ্মার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ-ভারত বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৪৭, ২২ নভেম্বর ২০২৬

গঙ্গা-পদ্মার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ-ভারত বৈঠক আজ

ছবি: সংগৃহীত

আজ রোববার (২২ নভেম্বর) ঢাকায় বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) গুরুত্বপূর্ণ বৈঠক। এতে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানি বণ্টনসংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন।

তবে আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তির বিষয়টি এবারের বৈঠকের আলোচ্যসূচিতে রাখা হয়নি বলে জানিয়েছে যৌথ নদী কমিশন।

এর আগে গত ২২ মে ভারতের কলকাতায় গঙ্গার পানি বণ্টনের তথ্য আদান-প্রদানের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি বিদ্যমান চুক্তির অধীনে এটিই হতে যাচ্ছে দুই দেশের মধ্যে সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উজানে গঙ্গা নদীর ওপর ভারত ২৯টি বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করায় শুকনো মৌসুমে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে পদ্মা প্রায় জলহীন হয়ে পড়ে। এতে দেশের কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।

উল্লেখ্য, ১৯৭৭ সালে প্রথমবার বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। এতে শুকনো মৌসুমে বাংলাদেশের জন্য ৩৪ হাজার ৫০০ কিউসেক পানি পাওয়ার বিধান রাখা হয়। পরে ১৯৯৬ সালে দ্বিতীয় দফায় ৩০ বছর মেয়াদি নতুন চুক্তি হয়। এ চুক্তির শর্ত অনুযায়ী, প্রতিবছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত শুকনো মৌসুমে উভয় দেশের ১০ দিন পরপর ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার কথা রয়েছে।

আগামী ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান রাজনৈতিক দূরত্ব নতুন চুক্তি বা মেয়াদ নবায়নের প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ ছাড়া ভবিষ্যতে বিদ্যমান চুক্তি নবায়ন করা হলেও ন্যায্য হিস্যা অনুযায়ী সুনির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা বা ‘গ্যারান্টি ক্লজ’ যুক্ত করার জোরালো দাবি জানিয়েছে বাংলাদেশ।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন