ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

২ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৫ জমাদিউস সানি ১৪৪৮

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে তৃতীয় বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:১৮, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৩৫, ১৬ নভেম্বর ২০২৬

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে তৃতীয় বৈঠক আজ

ছবি: ঢাকা এক্সপ্রেস

তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক বসছে। রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে এ বৈঠক হবে।

এই বৈঠকে মালিকপক্ষ ১৫ থেকে ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিতে পারে।

এর আগে গত ৯ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের নিজস্ব কার্যালয়ে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিলেও মালিকপক্ষ চার দিন সময় নেয়। সেই হিসাবে গত বৃহস্পতিবার মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা ছিল। আজকের তৃতীয় বৈঠকে সেই প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একাধিক সদস্য জানান, মালিকপক্ষের পক্ষ থেকে ১৫ থেকে ১৬ হাজার টাকা প্রস্তাব করা হবে। তাদের ধারণা, শ্রমিকরা দরকষাকষির জন্য ৩২ হাজার টাকা প্রস্তাব করেছেন। একইভাবে মালিকপক্ষও কিছুটা ছাড়ের সুযোগ রেখে ১৫ বা ১৬ হাজার টাকার প্রস্তাব দেবে। সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে।

মালিকপক্ষের একটি সূত্র জানায়, গত মজুরি বোর্ডগুলোর রীতি অনুসরণ করে তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা শ্রমিকদের দেওয়ার সামর্থ্যের চেয়ে কিছুটা কম মজুরি প্রস্তাব করবেন। এতে দরকষাকষির জন্য কিছুটা সুযোগ থাকবে। পরবর্তী বৈঠকগুলোতে আরও কিছু বাড়ানোর সুযোগ রাখা যাবে। সরকার কোনো উদ্যোগ নিলেও সেটি কাজে লাগানো সম্ভব হবে।

উল্লেখ্য, তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে অক্টোবরের শেষ দিক থেকে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। মিরপুর, সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। এরপর থেকে বোর্ড আলোচনা শুরু করে। ইতোমধ্যে দ্বিতীয় বৈঠক সম্পন্ন হয়েছে এবং শ্রমিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব দিয়েছে।

এদিকে মজুরি বৃদ্ধির আন্দোলন কিছুটা কমে এলেও গত রোববার (১৫ নভেম্বর) ৬৫টি কারখানা ১৩(১) ধারা অনুসরণ করে বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। আরও কিছু কারখানায় উৎপাদন শুরু হলেও শেষ পর্যন্ত সেগুলো বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

মালিক ও শ্রমিকপক্ষ ইতোমধ্যে একমত হয়েছে, নিম্নতম মজুরি বোর্ড যে মজুরিই ঘোষণা করুক, তা চলতি বছরের ডিসেম্বর থেকে কার্যকর হবে। জানুয়ারির প্রথম সপ্তাহে বেতন পাওয়ার সময় শ্রমিকরা বাড়তি মজুরি পাবেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে দ্রুত মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নিতে এগোচ্ছে মজুরি বোর্ডের মালিক, শ্রমিক ও সরকারপক্ষ।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন