শিরোনাম
জাককানইবি প্রতিনিধি
প্রকাশ: ১২:২০, ১৬ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাণে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থী পিয়াল সরকার। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘ইকোস অব ওয়ার’ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসভিত্তিক ‘ইন্ডিএক্স ফিল্ম ফেস্ট-২০২৬’-এ সেরা শিক্ষার্থী স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রের পুরস্কার অর্জন করেছে।
গত শনিবার পিয়াল সরকার নিজেই এ অর্জনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি।
বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়ার সময় একাডেমিক কাজের অংশ হিসেবে প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেন পিয়াল। ফিল্ম অ্যান্ড এডিটিং কোর্সের অংশ হিসেবে নির্মিত চলচ্চিত্রটির শিক্ষক ও নির্দেশক ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক ও অভিনেতা মনোজ কুমার প্রামাণিক। শ্রেণিকক্ষের সেই প্রকল্পই পরবর্তী সময়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার অর্জন করে।
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের ডাউনটাউনে অবস্থিত রিগাল এলএ লাইভ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় উৎসবটির এবারের আয়োজন। এতে বিশ্বের ১২টি দেশের চলচ্চিত্র নির্মাতারা অংশ নেন। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বার্ষিক আয়োজনে নির্বাচিত চলচ্চিত্রগুলো সরাসরি প্রদর্শন করা হবে এবং পুরস্কার বিতরণ করা হবে।
‘ইকোস অব ওয়ার’ প্রামাণ্যচিত্রে যুদ্ধ, ভূরাজনৈতিক সংঘাত এবং আন্তর্জাতিক রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতির অভিঘাতে সাধারণ মানুষের জীবন ও জীবিকার সংকট তুলে ধরা হয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতা ও আন্তর্জাতিক রাজনীতির সংঘাতের প্রভাব কীভাবে শ্রমজীবী ও প্রান্তিক মানুষের দৈনন্দিন বাস্তবতাকে বিপর্যস্ত করে, তা চলচ্চিত্রটির মূল বিষয়। প্রতিকূলতার মধ্যেও মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষা, পারস্পরিক সম্পর্ক এবং ছোট ছোট আনন্দের মধ্য দিয়ে টিকে থাকার সংগ্রামও এতে স্থান পেয়েছে।
আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিক্রিয়ায় পিয়াল সরকার বলেন, একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে সীমিত সুযোগ ও সামর্থ্যের মধ্যে কাজ করে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাওয়া তার জন্য বড় অর্জন। বাংলাদেশের মতো দেশ থেকে নির্মিত চলচ্চিত্র আন্তর্জাতিক উৎসবে সম্মানিত হওয়ায় তিনি অনুপ্রাণিত হয়েছেন। এই স্বীকৃতি ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণে নতুন সাহস ও আত্মবিশ্বাস জোগাবে বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, এই অর্জন চলচ্চিত্র নির্মাণের যাত্রায় একটি স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস