ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩, ০১ জমাদিউস সানি ১৪৪৮

এইচএসসি পুনঃপরীক্ষায় পিছোতে পারে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১৭:৫১, ১২ নভেম্বর ২০২৬

এইচএসসি পুনঃপরীক্ষায় পিছোতে পারে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা

ছবি: ঢাকা এক্সপ্রেস

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের জন্য পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কারণে কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী রবিবার (১৫ নভেম্বর) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের এক সভায় বিষয়টি আলোচনায় আসছে বলে জানা যায়। যেখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার অংশ নিবেন বলে জানাগেছে।

বৃহস্পতিবার( ১২ নভেম্বর) এক সাক্ষাৎকারে এসব জানিয়েছেন বাকৃবি শিক্ষা বিষয়ক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহম্মদ। সভার পর ভর্তি পরীক্ষার নতুন একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

২০২৬-২৭ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ধরা হয়েছিল আগামী ২ জানুয়ারি । এবারের ভর্তি পরীক্ষার আয়োজন ও সমন্বয়ের সার্বিক দায়িত্বে রয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। তখনই জানানো হয়েছিল, ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত নয়, পরর্বতী আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয় ৩১ অক্টোবর। যেখানে পাসের হার ৫২.১২ শতাংশ, যা ২০০৪ সালের পর সর্বনিম্ন। ফল প্রকাশের দিনই শিক্ষামন্ত্রী জানান, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা শুধু ফেল করা বিষয়গুলোতে পরবর্তী এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এবার এমন শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানা গেছে, যাতে নিয়মিত ও অনিয়মিত উভয় ধরনের পরীক্ষার্থী অংশ নিতে পারবেন।

বাকৃবিতে ভর্তি পরীক্ষা-সংশ্লিষ্টদের মতে, পুনঃপরীক্ষায় উত্তীর্ণ এই বিপুলসংখ্যক শিক্ষার্থীর ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করা এখন বড় বিবেচ্য। জানুয়ারির শুরুতে পরীক্ষা হলে পুনঃপরীক্ষার ফল প্রকাশ ও আবেদনের সময়সূচি নিয়ে জটিলতা দেখা দিতে পারে। এ কারণেই তারিখ পুনর্বিবেচনার প্রয়োজন দেখা দিয়েছে।

এবিষয়ে বাকৃবি শিক্ষা বিষয়ক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহম্মদ জানান, আগামী রবিবার (১৫ নভেম্বর) কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় ভর্তি পরীক্ষার একটি সম্ভাব্য তারিখ পাওয়া যাবে। আমরা চেষ্টা করব ঈদের পরেই নেয়ার, যাতে করে একটি সুষ্ঠ আয়োজনের মাধ্যমে ভর্তি পরীক্ষা শেষ করতে পারি। আমাদের জুলাই মাসের দিকে ক্লাস ও একাডেমিক কার্যক্রম শুরু করার চিন্তা আছে।

জানা যায়, কৃষি গুচ্ছ পদ্ধতিতে দেশের কৃষি ও কৃষিসংশ্লিষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমন্বিতভাবে শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। ফলে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্তের বিপুলসংখ্যক শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় অংশ নেন। সর্বশেষ গত শিক্ষাবর্ষে মোট ৯টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।

এরমধ্যে ছিল-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন