ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩, ০১ জমাদিউস সানি ১৪৪৮

সংস্কৃতির নামে কৃত্রিম অতীত চর্চা বনাম বর্তমানের নির্মম বাস্তবতা 

মো. আরাফাত রহমান, ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৭:১৫, ১২ নভেম্বর ২০২৬

সংস্কৃতির নামে কৃত্রিম অতীত চর্চা বনাম বর্তমানের নির্মম বাস্তবতা 

ছবি: ঢাকা এক্সপ্রেস

আমাদের সাহিত্য, নাটক, সিনেমা কিংবা গণমাধ্যমে সবসময় একটি সুপ্রাচীন প্রবণতা দেখা যায়-অতীতের কোনো কল্পিত বা বাস্তব রূপকে বর্তমানের ওপর চাপিয়ে দেওয়া। প্রাচীন জনপদের মানুষের আচার-আচার্য, গ্রামীণ জীবন কিংবা হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আঁকড়ে ধরে আমরা তাকেই আমাদের প্রধান ‘সংস্কৃতি’ হিসেবে জাহির করতে পছন্দ করি। কিন্তু সংস্কৃতি কোনো স্থবির বা জাদুঘরে আটকে থাকা বস্তু নয়; এটি প্রবহমান নদীর মতো। মানুষের জীবনযাত্রা, অর্থনীতি, প্রযুক্তি এবং সময়ের গতির সাথে সাথে সংস্কৃতির রূপও পরিবর্তিত হয়। অথচ আমাদের শিল্প-সাহিত্য ও নাট্যনির্মাতারা এই গতিশীলতাকে পাশ কাটিয়ে অন্ধের মতো কেবল অতীতেরই রোমন্থন করে চলেছেন।

ফলস্বরূপ, বর্তমান যান্ত্রিক পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নিতে গিয়ে সাধারণ মানুষ যে প্রতিদিনের অমানবিক লড়াইয়ের মুখোমুখি হয়, তা আড়ালেই থেকে যাচ্ছে।

প্যাকেটজাত ও ফিনিশড একটি পণ্যের মোড়কের আড়ালে কতশত মানুষের কায়িক শ্রম ও ঘাম লুকিয়ে থাকে, তা কি আমরা কখনো ভেবে দেখি? একজন গার্মেন্টস শ্রমিক প্রতিদিন টানা ১২ ঘণ্টা মেশিনের শব্দ আর টার্গেটের চাপে যে মানসিক ও শারীরিক যন্ত্রণার ভেতর দিয়ে যান, তা আমাদের অর্থনীতির মেরুদণ্ড হলেও মূলধারার সংস্কৃতিতে চরমভাবে উপেক্ষিত।

অন্যদিকে, একজন তরুণ ১৬-১৭ বছর ধরে উচ্চশিক্ষা অর্জন করার পর যখন চাকরির বাজারে প্রবেশ করে, তখন সে এক অদ্ভুত অসামঞ্জস্যের মুখোমুখি হয়। পর্বতপ্রমাণ প্রতিযোগিতায় টিকে থাকার এই লড়াইয়ে মেধাবী তরুণদেরও শেষ পর্যন্ত মাত্র ১৮ হাজার টাকার একটি চাকরির জন্য ইন্টারভিউ বোর্ডে লাইনে দাঁড়াতে হয়। অভিজ্ঞতা না থাকলে সেই সামান্য সুযোগটুকুও জোটে না। সমাজ ও রাষ্ট্র তরুণদের কেবল একটি ছাঁচে ঢেলে শিখিয়েছে-'চাকরিই জীবনের সব'। হাতে কিছু টাকা আর হিসাব করে সংসার চালানোই যদি জীবনের একমাত্র লক্ষ্য হয়, তবে মানুষ হিসেবে আমাদের মেধা ও বহুমুখী সম্ভাবনার অপমৃত্যু ঘটে।

আমাদের সামাজিক অবক্ষয়ের অন্যতম বড় ক্ষত লুকিয়ে আছে বিচার ও কারাগারের অন্তরালে। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এবং আইনের সঠিক প্রয়োগের অভাব মানুষকে প্রতিদিন তিলে তিলে নিঃশেষ করছে। অপরাধ প্রমাণিত হওয়ার আগেই বছরের পর বছর বন্দিশালায় ধুঁকে ধুঁকে দিন কাটানো মানুষের সংখ্যা কম নয়। কারাগারের চার দেওয়ালে মানবাধিকার যেন কেবল একটি সান্ত্বনামূলক শব্দ।

বিশেষ করে, আইনের কিছু নির্দিষ্ট ধারার অপব্যবহার বর্তমান সমাজকে এক বিপজ্জনক মেরুকরণের দিকে ঠেলে দিচ্ছে। ব্যক্তিগত আক্রোশ, প্রতিশোধ কিংবা অসৎ উদ্দেশ্যে বিশেষ কিছু আইনের ভুল প্রয়োগ কেবল বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে না, বরং প্রকৃত নির্যাতিতদেরও ন্যায়বিচার পাওয়ার পথ কঠিন করে তুলছে। আইন যখন সুরক্ষার বদলে বাণিজ্যের হাতিয়ার বা একে অপরের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অস্ত্র হয়ে ওঠে, তখন সমাজে ন্যায়বিচার ও আস্থার সংকট তৈরি হয়। বিচারপ্রক্রিয়ার এই সিন্ডিকেটে উকিল-পুলিশের পকেট ভারী হলেও সাধারণ মানুষের জীবন চরম অনিশ্চয়তায় পর্যবসিত হয়।

আধুনিকতার নামে আমাদের পারিবারিক ও সামাজিক সম্পর্কেও আজ বড় ধরনের ভাঙন ধরেছে। পারস্পরিক সহমর্মিতা ও ভালোবাসার জায়গাটিতে আজ প্রতিযোগিতা ও আস্থার অভাব দেখা দিয়েছে। ছোটবেলা থেকে লিঙ্গভিত্তিক বৈরিতা ও নেতিবাচক মনস্তত্ত্ব মনের মধ্যে গেঁথে দেওয়ার ফলে নারী ও পুরুষের সম্পর্ক আজ সহযোগীর পরিবর্তে প্রতিদ্বন্দ্বী বা শত্রুতে রূপ নিচ্ছে। এর ফলে পরিবারগুলোতে বাড়ছে পরকীয়া, বিবাহবিচ্ছেদ এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিষ্পাপ শিশুরা।

এ যুগের সমাজ ও রাজনীতি নোংরামির নির্মম যাঁতাকলে পিষ্ট। রাজনৈতিক মতপার্থক্য এখন কেবল আদর্শের লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং প্রতিবেশীকে ধ্বংস করার মানসিকতায় রূপ নিয়েছে। আইন যখন ক্ষমতার কাছে জিম্মি হয়ে পড়ে, তখন সাধারণ মানুষের অসহায়ত্ব চরমে পৌঁছায়।

একইভাবে, চিকিৎসাসেবাও মৌলিক অধিকারের পরিবর্তে লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। সামান্য অসুস্থতায় হাসপাতালে গেলেই হাজার হাজার টাকার টেস্ট ও ডাক্তারের ফি সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে দেয়। মুমূর্ষু রোগীকে আধুনিক চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে কেবল বাণিজ্যিক স্বার্থ হাসিল করার এই প্রবণতা আমাদের মানবিক মূল্যবোধের চরম বিপর্যয়কেই নির্দেশ করে।

আজ আমরা সফলতার অর্থ নির্ধারণ করেছি কেবল টাকা, সম্পদ ও ক্ষমতার মাপকাঠিতে। উচ্চশিক্ষিত সমাজ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আজ এই অন্ধ ঘূর্ণিপাকে আটকে গেছে। বাহ্যিক চাকচিক্য আর কর্পোরেট সফলতার পেছনে ছুটতে ছুটতে আমরা ভুলে গেছি যে, প্রকৃত শান্তি কোথায় নিহিত।

তাই সময় এসেছে তথাকথিত অতীতমুখী ও কৃত্রিম সংস্কৃতি চর্চা থেকে বেরিয়ে আসার। বর্তমানের নির্মম সত্যগুলো, প্রতিদিনকার বেঁচে থাকার লড়াই, বিচারহীনতার সংস্কৃতি এবং সম্পর্কের এই টানাপোড়েনগুলোকে আমাদের শিল্প, সাহিত্য ও মিডিয়ায় জোরালোভাবে তুলে ধরতে হবে। অন্ধ সম্পদ অর্জন বা ক্ষমতার লড়াই নয়—বরং প্রকৃত মনুষ্যত্ব অর্জন, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ একটি সমাজ গঠনই হওয়া উচিত আমাদের একমাত্র এবং প্রধান লক্ষ্য।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন