শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:০৪, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:২৫, ১২ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য এখন পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছে সরকার। সব প্রক্রিয়া সম্পন্ন করে ডিসেম্বরের আগেই দেশটিতে কর্মী পাঠানো শুরু করতে চায় সরকার। এ ক্ষেত্রে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের সহযোগিতা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
তিনি বলেন, ‘আমরা আজ পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছি। ডিসেম্বরের আগে প্রক্রিয়াটি চূড়ান্ত করতে চাই। ডিএইচএলের সহযোগিতা পেলে দ্রুত কর্মীদের বিদেশে পাঠানো সম্ভব হবে। কোনো কারণে এক-দুই দিন দেরি হলে সেটি ভিন্ন বিষয়। তবে ডিসেম্বরের আগেই ডিএইচএলের মাধ্যমে কর্মী পাঠানো শুরু করতে চাই।’
বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদা পাওয়ার ভিত্তিতে পর্যায়ক্রমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
এর অংশ হিসেবে প্রথম ধাপে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের জন্য ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে বৃহস্পতিবার চূড়ান্ত বাছাই কার্যক্রম শুরু হয়েছে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন প্রার্থীর মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।
এ লক্ষ্যে মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। দলটি ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী বাছাই করবে।
রাশেদুল হক বলেন, বাছাই প্রক্রিয়ায় বোয়েসেল কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। নিয়োগকর্তা যাঁদের নির্বাচন করবেন, তাঁরাই চূড়ান্ত বলে গণ্য হবেন।
তিনি আরও জানান, মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিদেশে কর্মসংস্থান বাড়াতে বোয়েসেল স্বল্প ও শূন্য অভিবাসন ব্যয়ে নিরাপদ, নৈতিক ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে কাজ করছে। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাগত যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই