ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩, ০১ জমাদিউস সানি ১৪৪৮

‘মানসম্মত সংবাদ পরিবেশনে পেশাদার সাংবাদিকদের সম্পৃক্ত করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৩৯, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:২৫, ১২ নভেম্বর ২০২৬

‘মানসম্মত সংবাদ পরিবেশনে পেশাদার সাংবাদিকদের সম্পৃক্ত করতে হবে’

ছবি: ঢাকা এক্সপ্রেস

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, পোর্টালের মান ভালো না হলে পাঠকের আগ্রহ তৈরি হবে না, ভিউও বাড়বে না। তাই মানসম্মত সংবাদ পরিবেশনে পেশাদার সাংবাদিকদের সম্পৃক্ত করতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘স্ট্যান্ডার্ড মেইনটেইন করা খুব জরুরি। স্ট্যান্ডার্ড ঠিক না থাকলে আপনাদের ভিউও হবে না। কনটেন্টের মান ভালো না হলে মানুষ আগ্রহ নিয়ে নিউজ পোর্টালে আসবে না। তাই মান বজায় রাখতে পোর্টালের সঙ্গে উপযুক্ত সাংবাদিকদের সম্পৃক্ত করতে হবে।’

অনলাইন পোর্টালের বার্ষিক নবায়ন ব্যবস্থা বাতিলের প্রস্তাবের বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, নবায়ন ফি একটি টোকেন ফি। অতীতেও এ ব্যবস্থা চালু ছিল। পাঁচ হাজার টাকা খুব বড় অঙ্ক নয়। তবে ফি পাঁচ লাখ টাকা করার কোনো প্রস্তাব দেওয়া হয়নি।

তিনি বলেন, অনলাইন গণমাধ্যমের মালিকদের প্রস্তাবগুলো লিখিতভাবে দিলে সেগুলো বিবেচনা করা সহজ হবে। বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা চলছে। অনলাইন গণমাধ্যমের পাশাপাশি পর্যায়ক্রমে কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও বৈঠক করা হবে।

নীতিমালা প্রণয়নের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, সংশ্লিষ্ট উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সবার মতামত নেওয়ার পর সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন