শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:২৭, ১১ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
ছোট ছেলে মির্জা আরাফাত আব্বাস আজানকে সঙ্গে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ছেলেকে সঙ্গে নিয়ে সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করেন তিনি।
ছেলেকে রাজনীতিতে আনবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘এটা ওর ভাগ্যের বিষয়। আমি নিজেও জানতাম না রাজনীতিতে আসব কি না। আমার পরিবার রাজনৈতিক পরিবার। রাজনীতিতে কেউ না কেউ আসবেই। আমার পরিবারে ছেলেসহ ১৫ থেকে ২০ জন রাজনীতি করার মতো লোক আছে।’
নিজের রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, রাজনীতিতে তাঁকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তাঁর সঙ্গে যারা প্রতিযোগিতায় ছিলেন, তাঁদের অনেকে ঝরে পড়েছেন। রাজনীতিতে অনেক প্রতিযোগিতা রয়েছে। অনেকে অংশগ্রহণ করতে পারলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন না।
এ সময় মির্জা আব্বাসের ছেলে আজান বলেন, পড়াশোনাসহ বিভিন্ন কারণে তাঁকে দীর্ঘদিন দেশের বাইরে থাকতে হয়েছে। এখন বাবার পাশে থাকাটা নিজের জন্য জরুরি বলে মনে করেন তিনি।
আজান বলেন, ‘সবকিছুতেই বাবা আমার আদর্শ। বাবার পাশে ছায়া হয়ে থাকতে চাই।’
বাবার রাজনৈতিক দায়িত্বের হাল ধরবেন কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে আজান বলেন, ‘বাবাই আমার আদর্শ, এটাই আমার শেষ কথা।’
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই