শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩:১৫, ১১ নভেম্বর ২০২৬
প্রতীকী ছবি
বিশ্বব্যাপী আজ বুধবার (১১ নভেম্বর) পালিত হচ্ছে আন্তর্জাতিক সিঙ্গেলস ডে। প্রতি বছর ১১ নভেম্বর দিবসটি উদ্যাপন করা হয়।
এই দিনটি অবিবাহিত ব্যক্তিদের নিজেদের একক অবস্থান উদ্যাপন এবং নিজেদের প্রতি ভালোবাসা প্রকাশের একটি বিশেষ উপলক্ষ।
শুরুতে একা থাকা বা অবিবাহিত ব্যক্তিদের নিজেদের উদ্যাপনের দিন হিসেবে পরিচিত হলেও সময়ের পরিক্রমায় এটি বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন কেনাকাটার উৎসবে পরিণত হয়েছে।
নব্বইয়ের দশকের গোড়ার দিকে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধরে ‘সিঙ্গেলস ডে’ উদ্যাপনের যাত্রা শুরু হয়। অবিবাহিত শিক্ষার্থীরা একা থাকার সময়টিকে ইতিবাচকভাবে উপভোগ করতে এবং নিজেদের পছন্দের উপহার দিতে দিনটি বেছে নেন।
দিনটি নির্বাচনের পেছনে রয়েছে সংখ্যাগত তাৎপর্য। ১১ নভেম্বর তারিখটি অঙ্কে প্রকাশ করলে দাঁড়ায় ১১/১১, যেখানে পরপর চারটি ‘১’ রয়েছে। এই চারটি একক সংখ্যাকে অবিবাহিত বা ‘সিঙ্গেল’ ব্যক্তিদের প্রতীক হিসেবে গণ্য করা হয়।
কালের বিবর্তনে দিনটি কেবল উদ্যাপনের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি, বরং বাণিজ্যিক রূপও পেয়েছে।
২০০৯ সালে চীনের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা দিনটিকে বিশাল অনলাইন কেনাকাটার উৎসব হিসেবে পরিচিত করে তোলে। এরপর থেকে বিশ্বজুড়ে দিনটি ঘিরে আকর্ষণীয় ছাড় ও কেনাকাটার ধুম শুরু হয়।
বর্তমানে ‘সিঙ্গেলস ডে’ বিশ্বের সর্ববৃহৎ অনলাইন কেনাকাটার আয়োজনগুলোর একটি। এমনকি অনেক ক্ষেত্রে কেনাকাটার দিক থেকে এটি ‘ব্ল্যাক ফ্রাইডে’ বা ‘সাইবার মানডে’র মতো জনপ্রিয় উৎসবকেও ছাড়িয়ে যায়।
বর্তমানে এই দিনে কেউ নিজের পছন্দের জিনিস কিনে নেন, কেউ বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটান। আবার কেউ একা থাকার স্বাধীনতা ও স্বাচ্ছন্দ্যকে নিজের মতো করে উদ্যাপন করেন।
ঢাকা এক্সপ্রেস/এসএস