শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:৪৭, ১১ নভেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন চমকের আভাস পাওয়া যাচ্ছে। জনপ্রিয় প্রফেশনাল রেসলার ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন গ্লেন জ্যাকবস, যিনি রেসলিং রিংয়ে ‘কেইন’ নামে পরিচিত, দেশটির সিনেটর হওয়ার দৌড়ে আলোচনায় রয়েছেন। টেনেসি অঙ্গরাজ্যের শূন্য হতে যাওয়া একটি সিনেট আসনে তাঁকে নিয়োগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
দীর্ঘ রেসলিং ক্যারিয়ার শেষে ২০১৮ সালে রাজনীতিতে যোগ দেন ডব্লিউডব্লিউইর (WWE) হল অব ফেমার গ্লেন জ্যাকবস। একই বছর তিনি টেনেসির নক্স কাউন্টির মেয়র নির্বাচিত হন। সম্প্রতি চলতি বছরের সেপ্টেম্বরে তাঁর দ্বিতীয় মেয়াদের দায়িত্ব শেষ হয়েছে।
যেভাবে সিনেটর হওয়ার সম্ভাবনা
বর্তমান সিনেটর মার্শা ব্ল্যাকবার্নের স্থলাভিষিক্ত হতে পারেন গ্লেন জ্যাকবস। আগামী বছরের জানুয়ারিতে টেনেসির গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের কারণে সিনেটের আসন ছাড়ছেন ব্ল্যাকবার্ন।
টেনেসির আইন অনুযায়ী, সিনেটে কোনো আসন শূন্য হলে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত সেখানে নতুন প্রতিনিধি নিয়োগ দিতে পারেন অঙ্গরাজ্যের গভর্নর। পরবর্তী নির্বাচনটি ২০২৮ সালে অনুষ্ঠিত হওয়ার কথা।
উল্লেখ্য, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে মার্শা ব্ল্যাকবার্নের প্রচারশিবিরের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলেন গ্লেন জ্যাকবস। ব্ল্যাকবার্নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে পরবর্তী সিনেটর হিসেবে তাঁর নাম জোরালোভাবে আলোচনায় এসেছে।
‘ওয়াশিংটন সান’-এর প্রতিবেদন অনুযায়ী, ব্ল্যাকবার্নের ঘনিষ্ঠ মহলের তৈরি করা চার সদস্যের সংক্ষিপ্ত তালিকাতেও রয়েছে জ্যাকবসের নাম। এ তথ্য জানিয়েছে ‘দ্য ন্যাশভিল ব্যানার’।
গত ৪ নভেম্বর ‘ফক্স নিউজ রানডাউন’ পডকাস্টের এক পর্বে সিনেটে নিয়োগ পাওয়ার বিষয়ে নিজের আগ্রহের কথা জানান জ্যাকবস। তিনি বলেন, ‘এটি আমার জন্য নিঃসন্দেহে অনেক বড় সম্মানের বিষয়। তাই বিষয়টি আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।’
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই