ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩, ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থ পৌর কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:০৬, ১১ নভেম্বর ২০২৬

বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থ পৌর কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি

ছবি: ঢাকা এক্সপ্রেস

পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা নিশ্চিত করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক বরখাস্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থ পৌরসভার দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত এক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান কর্মশালায় সভাপতিত্ব করেন।

পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার দুরবস্থা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অধিকাংশ পৌরসভায় বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট কোনো ল্যান্ডফিল নেই। খোলা জায়গায় বর্জ্য ফেলার কারণে মাস্টারপ্ল্যানের উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়ছে। দ্রুত ম্যানহোল ও সীমানাপ্রাচীরসহ আধুনিক ল্যান্ডফিল নির্মাণ করতে হবে। এসব স্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের উদ্যোগ নিতে হবে।

কর্মশালায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মীর শাহে আলম। তিনি বলেন, সরকার বিপুল অর্থ ব্যয়ে এ কর্মশালার আয়োজন করলেও ৬১টি পৌরসভার মধ্যে ১৭ জন প্রশাসক ও ১৯ জন পৌর নির্বাহী কর্মকর্তা এতে অনুপস্থিত রয়েছেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এমন উদাসীনতা কর্মশালার উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করে। তবে প্রকৌশলীদের উপস্থিতির প্রশংসা করেন তিনি।

পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নে অতীতের অনিয়মের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে মাস্টারপ্ল্যানের তালিকায় অনিয়ম হয়েছে। এতে অনেক গুরুত্বপূর্ণ ও যোগ্য পৌরসভা প্রয়োজনীয় সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। শুরুতেই জেলাভিত্তিক ও ‘ক’ শ্রেণির পৌরসভাগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।

স্থানীয় সরকার বিভাগের আওতায় এলজিইডির মাধ্যমে সারা দেশে ১ লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে বলেও জানান তিনি। এসব প্রকল্পে সড়ক নির্মাণের পাশাপাশি শিশু পার্ক, কবরস্থান, সুপেয় পানির সরবরাহ, খাল ও জলাশয় সংরক্ষণ এবং বৃক্ষরোপণে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ নাগরিক সেবায় হয়রানি ও দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, কিছু পৌরসভায় পরিকল্পিতভাবে সেবা বন্ধ রেখে কিংবা দুর্নীতির মাধ্যমে নাগরিকদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব অনিয়ম বরদাস্ত করা হবে না। পাশাপাশি সোলার প্যানেল স্থাপনের জন্য বরাদ্দ দেওয়া অর্থ অব্যবহৃত ফেলে রাখা পৌরসভার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে আগামী চার বছরের মধ্যে ৪ কোটি পরিবারের গৃহকর্তাদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। চলতি বছর ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের মাধ্যমে ৪১ লাখ নারীকে এ সুবিধার আওতায় আনা হবে।

এ ছাড়া পিছিয়ে পড়া যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে ইংরেজির পাশাপাশি আরবি, মালয়, কোরিয়ান ও জাপানি ভাষা শেখানোর প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সাড়ে তিন লাখের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের রাষ্ট্রীয় সম্মানীর আওতায় আনা এবং প্রতিটি ইউনিয়নে ধর্মীয় উপাসনালয় সংস্কারে ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়ার কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডির অতিরিক্ত প্রধান ও নির্বাহী প্রকৌশলী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের শিক্ষক এবং বিভিন্ন পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন