ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩, ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডিজিটাল লেনদেনের প্রভাব নিয়ে যৌথ গবেষণা করবে বিকাশ ও ইউআইইউ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৫৬, ১১ নভেম্বর ২০২৬

ডিজিটাল লেনদেনের প্রভাব নিয়ে যৌথ গবেষণা করবে বিকাশ ও ইউআইইউ

ছবি: ঢাকা এক্সপ্রেস

দেশে ডিজিটাল লেনদেনের প্রসার, মানুষের অভ্যস্ততা এবং এর আর্থসামাজিক প্রভাব নিয়ে যৌথ গবেষণার উদ্যোগ নিয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ (আইএআর)।

‘এক্সপ্লোরিং ডিজিটাল ট্রানজ্যাকশন অ্যাডাপটেশন ইন বাংলাদেশ: ড্রাইভারস, সোশ্যাল আউটকামস, অ্যান্ড পলিসি ইমপ্লিকেশন’ শীর্ষক এ গবেষণায় মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ডিজিটাল লেনদেন ও মোবাইল আর্থিক সেবার (এমএফএস) ভূমিকা বিশ্লেষণ করা হবে।

গবেষণায় ডিজিটাল লেনদেনে মানুষের অভ্যস্ততা, এ ব্যবস্থার প্রতি গ্রাহকদের আস্থা এবং ব্যবহারের ক্ষেত্রে তাঁদের বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়গুলো তথ্য-উপাত্তের ভিত্তিতে তুলে ধরা হবে।

সংশ্লিষ্টরা জানান, এমএফএস ও ব্যাংকিং খাতের উদ্ভাবন, ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি, আর্থিক সেবার বিস্তৃতি এবং নিয়ন্ত্রক সংস্থার সহযোগিতায় দেশে ডিজিটাল লেনদেনের পরিধি বেড়েছে। এর ফলে মানুষের আর্থিক লেনদেনের ধরন ও ব্যবহারে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এ পরিবর্তনের পেছনের কারণগুলো অনুসন্ধান করবে গবেষণা দল।

সম্প্রতি ইউআইইউ ক্যাম্পাসে এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি সই হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ইমেরিটাস ও আইএআর-এর নির্বাহী পরিচালক ড. এম রিজওয়ান খান, বিকাশের চিফ লিগ্যাল অফিসার এম মাজেদুল ইসলাম এবং এমপ্লয়ার ব্র্যান্ডিং অ্যান্ড রিক্রুটমেন্ট বিভাগের ইভিপি ও প্রধান শাহরিয়ার মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গবেষণায় ডিজিটাল লেনদেনের প্রসারে মানুষের সিদ্ধান্তকে প্রভাবিত করা প্রধান বিষয়গুলো চিহ্নিত করার পাশাপাশি আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও সরকারি সহায়তার ভূমিকা পর্যালোচনা করা হবে।

এ ছাড়া ডিজিটাল লেনদেনের প্রতি মানুষের আস্থা, সামাজিক দৃষ্টিভঙ্গি এবং ডিজিটাল সাক্ষরতা কীভাবে এ ব্যবস্থার ব্যবহারকে প্রভাবিত করে, তা-ও বিশ্লেষণ করা হবে।

সংশ্লিষ্টদের মতে, গবেষণার ফলাফল দেশে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ডিজিটাল আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, গবেষক ও নীতিনির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন