শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৭, ১১ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
দেশের বাজারে স্বর্ণের দাম এখন বেশ চড়া। ভালো মানের এক ভরি স্বর্ণের গহনা কিনতে ভ্যাটসহ গুনতে হচ্ছে প্রায় ২ লাখ ২৭ হাজার টাকা। অন্যদিকে, তুলনামূলক কম দামি সনাতন পদ্ধতির স্বর্ণের ভরির দামও ছাড়িয়েছে দেড় লাখ টাকা।
দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণের দায়িত্বে থাকা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৬ নভেম্বর সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর করেছে। পরবর্তী ঘোষণা বা নতুন দর নির্ধারণ না হওয়া পর্যন্ত ক্রেতাদের এই দামেই স্বর্ণ কিনতে হবে।
৬ নভেম্বর ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। এর আগে টানা তিন দফায় একই মানের স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তিন দফায় প্রতি ভরিতে দাম বেড়েছিল ১২ হাজার ৭২ টাকা।
বাজুসের সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।
ঢাকা এক্সপ্রেস/এসএস