শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৫, ৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:০৬, ৬ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
এখন আর এক কেজি সবজি কেনার মানুষ পাই না। এক-দুইটি পটল, চিচিঙ্গা, ঝিঙা—এ রকম কয়েক ধরনের সবজি মিলিয়ে আড়াইশ গ্রাম দিতে বলেন ক্রেতারা। এমন ক্রেতাই এখন বেশি। মানুষের আয় কমেছে। কিনবে কীভাবে! খুব হিসাব করে মাস পার করতে হয়।
প্রতিবেদকের কাছে এভাবেই বাজারের ক্রেতাদের অবস্থা তুলে ধরছিলেন রাজধানীর শান্তিবাগের সবজি বিক্রেতা আবুল হোসেন। গত এক বছর ধরে তিনি এ বাজারে সবজি বিক্রি করছেন।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর শান্তিবাগ, মালিবাগ, শহীদবাগ, খিলগাঁওসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও কেনাকাটায় সতর্কতা দেখা যাচ্ছে ক্রেতাদের মধ্যে।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। গত সপ্তাহে একই টমেটোর দাম ছিল ১০০ থেকে ১১০ টাকা। তবে কমেছে কাঁচা মরিচের দাম। বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। ধনেপাতা পাওয়া যাচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে।
শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কিছু পণ্যের দাম কমেছে। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১২০ টাকা। ছোট আকারের ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৩৫ থেকে ৪০ টাকা। শসা ৫০ থেকে ৬০ টাকা, করলা ৪০ থেকে ৫০ টাকা, কচুর মুখি ৪০ থেকে ৪৫ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা এবং পেঁপে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, পটল ২০ থেকে ২৫ টাকা এবং চিচিঙ্গা ও ঝিঙা ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। আলুর কেজি ৩০ টাকা। প্রতি ডজন ব্রয়লার মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। সাদা ব্রয়লার ডিম ১৩০ টাকা এবং হাঁসের ডিম ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।
সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শুক্রবার মাছের চাহিদা বেশি থাকে। ছুটির দিনে অনেকে বাজার করায় ক্রেতার চাপ বাড়ে। এর প্রভাব পড়ে মাছের দামে।
বাজারে ৯০০ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশ মাছের কেজি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা। প্রায় ২৫০ গ্রাম ওজনের ছোট ইলিশের কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা। মাঝারি আকারের পাঙ্গাশ, কৈ ও মৃগেল মাছ প্রতি কেজি ২২০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। তেলাপিয়া ২৩০ থেকে ২৫০ টাকা, টেংরা ৬০০ টাকা, পাবদা ৩২০ থেকে ৩৫০ টাকা, মাঝারি আকারের রুই ৩৫০ থেকে ৩৮০ টাকা এবং কাতল ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া ছোট আকারের গলদা চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে ১ হাজার টাকা, ঝাটকা ১ হাজার টাকা, পোয়া ৫০০ টাকা, বাইলা ১ হাজার টাকা, শিং ৩৫০ টাকা এবং দেশি সরপুঁটি ২৫০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাংসের বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। লেয়ার ও সোনালি মুরগির কেজি ৩৫০ টাকা।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস