শিরোনাম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১০:২৭, ৬ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় হলদিয়ায় বড় ধরনের পথসভা করেছেন চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জহিরুল ইসলাম লিমন হাওলাদার।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চড়চিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পথসভার আয়োজন করা হয়। সন্ধ্যায় শুরু হওয়া সভা শেষ হয় রাত ১০টায়।
সভা শুরুর অনেক আগেই ইউনিয়নের ১ থেকে ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। নারী-পুরুষ, তরুণ-প্রবীণ সবার উপস্থিতিতে সন্ধ্যার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বাদ্যযন্ত্রের তালে তালে বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা মাঠে প্রবেশ করেন। একপর্যায়ে পথসভাটি জনসমুদ্রে রূপ নেয়। অনেককে দাঁড়িয়ে পুরো সভার বক্তব্য শুনতে দেখা যায়।
স্থানীয় ভোটারদের ভাষ্য, সম্প্রতি হলদিয়ায় এত বড় পথসভা খুব কমই হয়েছে। প্রার্থীর পক্ষে গান ও বাদ্যবাজনার আয়োজনে চড়চিলা বাজার ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
হলদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইদুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রত্যাশী জহিরুল ইসলাম লিমন হাওলাদার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেতু মল্লিক, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ঝন্টু তালুকদার, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব মোল্লা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জামাল খাঁন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সুলতান হাওলাদার, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জুয়েল মল্লিক, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সরোয়ার গাজী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আতিক, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মতি মোল্লা, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রিপন মৃধা, মো. খোকন হাওলাদার ও অলিল শিকদারসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষক, কৃষক, তরুণ ও যুবসমাজের প্রতিনিধি এবং ৭ নম্বর ওয়ার্ডের নারীরাও সভায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জহিরুল ইসলাম লিমন হাওলাদার বলেন, তিনি বিএনপির মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে চান। নির্বাচিত হলে হলদিয়াবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করাই হবে তার প্রথম লক্ষ্য।
তিনি বলেন, হলদিয়াকে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। ইউনিয়ন পরিষদের প্রতিটি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন তিনি। তার ভাষায়, পরিষদ হবে মানুষের সেবার জায়গা, হয়রানির জায়গা নয়।
লিমন হাওলাদার আরও বলেন, সাধারণ মানুষের চাওয়া-পাওয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন তিনি। নাগরিক সেবা সহজ করা, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা আনা এবং রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নকে অগ্রাধিকার দেবেন। পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠাও তার অন্যতম লক্ষ্য।
বক্তব্যের শেষ দিকে উপস্থিত সবার কাছে দোয়া ও সমর্থন চান তিনি। দল তাকে মনোনয়ন দিলে হলদিয়ার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দল যাকেই মনোনয়ন দিক, দলের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথাও জানান তিনি।
পথসভায় অংশ নেওয়া অনেক ভোটার জানান, তারা এমন একজন চেয়ারম্যান চান, যিনি এলাকায় থাকবেন, মানুষের কথা শুনবেন এবং ইউনিয়ন পরিষদের সেবা ঘরে ঘরে পৌঁছে দেবেন। সভায় লিমন হাওলাদারের বক্তব্যে মাদকমুক্ত সমাজ ও স্বচ্ছ ইউনিয়ন পরিষদ গঠনের বিষয়টি বারবার উঠে আসে। এ সময় উপস্থিত ব্যক্তিরা করতালি দিয়ে তাকে সমর্থন জানান এবং পাশে থাকার অঙ্গীকার করেন।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস