শিরোনাম
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৬:২৩, ৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:২৪, ৪ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায় ইউনিয়ন ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম অভিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ডাকাত দলের সর্দার জুমন মিয়াও রয়েছেন। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের শহীদ মিয়া কুলাউড়ার ব্রাহ্মণবাজার থেকে চারটি মহিষ কিনে পিকআপে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় তিনটি মোটরসাইকেলে আসা ডাকাত দল পুলিশ পরিচয়ে পিকআপটির গতিরোধ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে মহিষসহ গাড়িটি ছিনিয়ে নেয় তারা।
এ ঘটনায় ভুক্তভোগী মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন চাঁদনীঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম অভি, ডাকাত দলের সর্দার জুমন মিয়া, মেহেদী হাসান মুন্না, রাহেল মিয়া ও সম্রাট মিয়া।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, জুমনের নেতৃত্বে চক্রটি মহিষগুলো বালিয়াকান্দি খেয়াঘাটসংলগ্ন জঙ্গলে লুকিয়ে রাখে। পরে সিলেটে নিয়ে বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয়। গ্রেপ্তারদের মধ্যে রাহেল ও সম্রাট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জানতে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই