ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

২০ কার্তিক ১৪৩৩, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

নিখোঁজের ২ দিন পর ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৩, ৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৬, ৪ নভেম্বর ২০২৬

নিখোঁজের ২ দিন পর ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ছবি: ঢাকা এক্সপ্রেস

কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের হোস্টেল থেকে নিখোঁজের দুই দিন পর আদনান নামে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকালে কলেজসংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আদনান ভারতের জম্মু-কাশ্মীরের বাসিন্দা। তিনি ওই মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, গত ২ নভেম্বর রাতে হোস্টেল থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আদনান। এ ঘটনায় তার মা ও কলেজ কর্তৃপক্ষ বুড়িচং থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ বিভিন্নভাবে তাকে খোঁজাখুঁজি করে পুলিশ।

এরই মধ্যে বুধবার সকালে কলেজসংলগ্ন পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। পরে পরিবারের সদস্য ও কলেজ কর্তৃপক্ষ মরদেহটি শনাক্ত করেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন