শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:১২, ৪ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড লামিন ইয়ামাল। মঙ্গলবার অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-০ গোলের জয়ে গোল করে প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা টিনএজার হয়েছেন তিনি।
১৯ বছর বয়সী ইয়ামাল ম্যাচের সপ্তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন। ভিলার রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে বাঁকানো শটে গোলরক্ষক জিওন সুজুকিকে পরাস্ত করেন তিনি। চ্যাম্পিয়নস লিগে এটি তার ১৪তম গোল। এর মধ্য দিয়ে কিলিয়ান এমবাপ্পের ১৩ গোলের রেকর্ড ছাড়িয়ে গেছেন ইয়ামাল। মাত্র ৩৭ ম্যাচেই এই মাইলফলকে পৌঁছেছেন তিনি।
ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় ইয়ামালের রেকর্ডের তালিকা আগে থেকেই দীর্ঘ। স্পেনের এই তারকা চ্যাম্পিয়নস লিগের মূল পর্বের ম্যাচে শুরু থেকে খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। পোর্তোর বিপক্ষে পূর্ণাঙ্গ ইউরোপীয় অভিষেকের সময় তার বয়স ছিল ১৬ বছর ৮৩ দিন।
একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ও তিনি। সেমিফাইনালে গোল করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ডটিও তার দখলে। ১৮ বছর বয়সের আগে সর্বোচ্চ পাঁচটি গোলের রেকর্ড তার। ১৯ বছর বয়সের আগে সর্বোচ্চ ১১ গোলের রেকর্ডও তার।
তবে একটি রেকর্ড আর ইয়ামালের দখলে নেই। নকআউট পর্বে খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ডে তাকে ছাড়িয়ে গেছেন ম্যাক্স ডাউম্যান। এ বছরের শুরুতেই সেটি ঘটেছে।
মঙ্গলবারের রেকর্ড ইয়ামালের আরেকটি দুর্দান্ত পারফরম্যান্সকে পূর্ণতা দিয়েছে। মৌসুমের শুরুটা দারুণ কাটছে তার। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে ১৩ গোলের পাশাপাশি ১১টি অ্যাসিস্ট করেছেন তিনি।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস