ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

মেসি ম্যাজিকে নিউ ইংল্যান্ডকে হারাল মিয়ামি

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১০:১৭, ২ নভেম্বর ২০২৬

মেসি ম্যাজিকে নিউ ইংল্যান্ডকে হারাল মিয়ামি

ছবি: সংগৃহীত

‘ইংল্যান্ড’ নামটা যেন প্রত্যেক আর্জেন্টাইনকেই তাতিয়ে দেয়। তবে লিওনেল মেসিকে যেন একটু বেশিই দেয়। নইলে ইংল্যান্ডের নাম দেখলে কিংবা ইংলিশ দলকে সামনে পেলেই কেন জ্বলে ওঠেন তিনি?

গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া অ্যাসিস্ট করে দলকে জেতানোর স্মৃতি এখনো বেশ সতেজ। সেই ম্যাচের প্রায় সাড়ে তিন মাস পর আজ তার প্রতিপক্ষ ছিল নিউ ইংল্যান্ড রেভলিউশন। পরিস্থিতিও ছিল অনেকটা একই রকম। গোল হজম করে পিছিয়ে পড়েছিল তার দল। এমন পরিস্থিতিতে মেসি একটি গোলে সহায়তা করেন।

পরে নিজেও একটি গোল করেন, সেটিও আবার তিনজনকে কাটিয়ে। তাতেই ইন্টার মিয়ামি পেয়ে যায় ২-১ গোলের গুরুত্বপূর্ণ জয়।

ম্যাচের ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজডাগ গোল করে বসেন। ০-১ গোলে পিছিয়ে পড়ে মিয়ামি। তবে সেটি মিয়ামির জন্য শাপে বর হয়ে আসে যেন। ৬৫ মিনিটে মেসির শট ঝাঁপিয়ে পড়ে সেভ করেন টার্নার। এর চার মিনিট পরই সমতা ফেরে। সেগোভিয়া বক্সে লম্বা পাস বাড়ান। মেসি হেড করে বলটি মাঝখানে থাকা এতে বের্তেরামের দিকে বাড়িয়ে দেন। তিনি জোরালো নিচু শটে বল জড়ান জালে।

৮৩ মিনিটে নিজের জয়সূচক গোলের কারিগর ছিলেন মেসি নিজেই। গোল থেকে প্রায় ৩০ গজ দূরে একটি আলগা বল পেয়ে যান তিনি। এরপর নিউ ইংল্যান্ডের তিন ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে বল বাড়ান সেগোভিয়াকে। তিনি আবার বলটি ফিরিয়ে দেন মেসিকে। সেখান থেকে বক্সে ঢুকেই বল জালে জড়ান আর্জেন্টাইন মহাতারকা।

৮৭ মিনিটে নিউ ইংল্যান্ড আরও একবার বল জালে জড়িয়েছিল। আত্মঘাতী গোলে সমতাও ফিরেছিল। কিন্তু ভিডিও রিভিউয়ের পর রেফারি সের্হি বোইকো গোলটি বাতিল করেন। তিনি লুকা লাঙ্গোনিকে অফসাইড ঘোষণা করেন। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে মিয়ামি।

চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ দলগুলোর বিপক্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ড মেসির। বিশ্বকাপে ইংল্যান্ডকে পেয়েও জ্বলে উঠেছিলেন তিনি। মেজর লিগ সকারের নিউ ইংল্যান্ডও অনেক দিন ধরেই তার ঝাঁঝ টের পাচ্ছে। দলটির বিপক্ষে আট গোলের পাশাপাশি ছয়টি অ্যাসিস্ট করেছেন মেসি। মেজর লিগ সকারে তার প্রিয় প্রতিপক্ষগুলোর অন্যতম এই নিউ ইংল্যান্ড রেভলিউশন। সেই দলের বিপক্ষে আজও জ্বলে উঠে নিজের দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিলেন তিনি।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন