ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

৯ কার্তিক ১৪৩৩, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

‘স্প্যানিশ নোবেল’ পুরস্কার পেলেন লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৮:৪৫, ২৪ অক্টোবর ২০২৬

‘স্প্যানিশ নোবেল’ পুরস্কার পেলেন লিওনেল মেসি

মেসি। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি স্পেনের অন্যতম মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কার ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ পেয়েছেন।  শুক্রবার (২৩ অক্টোবর) তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

উজ্জ্বল ক্যারিয়ারের পাশাপাশি বঞ্চিত শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ বাড়াতে কাজ করার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছেন আর্জেন্টাইন এই ফুটবলার।

৩৯ বছর বয়সী মেসিকে গত জুনে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। বিচারকমণ্ডলী তখন তাকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলার’ হিসেবে প্রশংসা করে। একই সঙ্গে তার সামাজিক কর্মকাণ্ডেরও প্রশংসা করা হয়।

স্পেনের উত্তরাঞ্চলীয় আস্তুরিয়াস অঞ্চলের রাজধানী ওভিয়েদোতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হয়। মেসি সেখানে পৌঁছালে ব্যাগপাইপ ও ঢোল বাজিয়ে তাকে স্বাগত জানানো হয়। আর্জেন্টিনার জার্সি পরা কয়েক ডজন সমর্থক তাকে দেখে উল্লাস করেন। তারা বারবার মেসির নাম ধরে স্লোগান দেন।

পুরস্কারটি তুলে দেন স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী রাজকন্যা লিওনর। তার নামেই এ পুরস্কারের নামকরণ করা হয়েছে। মেসির হাতে একটি পার্চমেন্ট স্ক্রল তুলে দেন তিনি।

মেসির ‘অনন্য ক্যারিয়ারের’ প্রশংসা করে লিওনর বলেন, ‘তিনি অসাধারণকে প্রতিদিনের ঘটনা বানিয়ে ফেলেছেন। খেলাটাকে পড়ে এবং সেকেন্ডের ভগ্নাংশে সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত নিয়ে তিনি এটা করেছেন। আর সব সময় নিজের অহংকারের ওপরে রেখেছেন দলীয় চেতনাকে।’

মেসি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। আটবার ব্যালন ডি’অর জয়ের পাশাপাশি একটি বিশ্বকাপও জিতেছেন তিনি। ক্লাব পর্যায়ে তার ঝুলিতে রয়েছে কয়েক ডজন ট্রফি। বার্সেলোনায় ২১ বছর কাটিয়েছেন মেসি। সেখানে জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইঁতে যোগ দেন মেসি। সেখানে দুই বছর ছিলেন তিনি। বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে।

আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল, অ্যাসিস্ট ও ম্যাচ খেলার রেকর্ডও মেসির। এ মাসের শুরুতে বেনিনের বিপক্ষে ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন তিনি।

১৯৮১ সালে প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার চালু হয়। স্প্যানিশ ভাষাভাষী বিশ্বে এটি অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার। অনেক সময় একে ‘স্প্যানিশ নোবেল’ হিসেবেও আখ্যা দেওয়া হয়। পুরস্কারের সঙ্গে থাকে ৫০ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ লাখ টাকা। শিল্প, বিজ্ঞান ও ক্রীড়া—তিন ক্ষেত্রেই প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়। মানুষের সহাবস্থান, সংহতি ও বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর প্রচেষ্টাকে সম্মান জানানো এর উদ্দেশ্য।

শুক্রবার আরও কয়েকজন পুরস্কার গ্রহণ করেছেন। তাদের মধ্যে রয়েছেন ব্রিটিশ লেখক জুলিয়ান বার্নস, যুক্তরাষ্ট্রের পথিকৃৎ নভোচারী ক্রিস্টিনা কোচ এবং পাঙ্ক তারকা প্যাটি স্মিথ।

ক্রীড়া বিভাগে এর আগে এ পুরস্কার পেয়েছেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল। এ ছাড়া ম্যারাথনের রেকর্ডধারী এলিউদ কিপচোগে এবং যুক্তরাষ্ট্রের স্কিয়ার লিন্ডসে ভনও এ সম্মাননা পেয়েছেন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন