ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

মেসির রেকর্ড ভাঙার রাতে রিয়ালের রোমাঞ্চকর জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:৫৫, ১৫ অক্টোবর ২০২৬

মেসির রেকর্ড ভাঙার রাতে রিয়ালের রোমাঞ্চকর জয়

ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড গড়ার এক স্মরণীয় রাত কাটিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এ তারকার নতুন অর্জনে ভেঙে গেছে লিওনেল মেসির গড়া অনন্য এক রেকর্ড।

বুধবার (১৪ অক্টোবর)  রোমার মাঠে রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ গোলে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

এ ম্যাচে কোচ হোসে মরিনহোর শুরুর একাদশে সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে খেলেন এমবাপ্পে। এর মধ্য দিয়ে ক্যারিয়ারের শততম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করে নতুন ইতিহাস গড়েন তিনি।

মাত্র ২৭ বছর বয়সেই চ্যাম্পিয়ন্স লিগে ১০০ ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন এমবাপ্পে। এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে রোমার বিপক্ষেই ২৮ বছর বয়সে এই রেকর্ড গড়েছিলেন লিওনেল মেসি। এবার মেসিকে পেছনে ফেলে সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়ন্স লিগে শততম ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নিয়েছেন ফরাসি তারকা।

ক্যারিয়ারের শততম ম্যাচটি স্মরণীয় করে রাখতে প্রথমার্ধেই গোল করেন এমবাপ্পে। তার এই গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে তার ক্যারিয়ারের ৭২তম গোল। এর মধ্য দিয়ে রিয়ালের সাবেক তারকা রাউল গঞ্জালেজকে পেছনে ফেলে প্রতিযোগিতাটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি।

এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরে মাত্র ১৭ বছর বয়সে মোনাকোর জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয় এমবাপ্পের। গত মৌসুমে ১৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতিও পান তিনি। এ ছাড়া অলিম্পিয়াকোসের বিপক্ষে মাত্র ৬ মিনিট ৪২ সেকেন্ডে হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়েছিলেন এই ফরাসি ফরোয়ার্ড।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন