শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২০:০৪, ১৫ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
শারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পূজার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের বিশেষ ব্রিফিংয়ে তিনি এসব নির্দেশনা দেন।
ব্রিফিংয়ে পুলিশ সুপার প্রতিটি পূজামণ্ডপে সতর্ক নজরদারি, সিসিটিভি ক্যামেরা সচল রাখা, চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার এবং সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেন।
এ ছাড়া ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল স্বাভাবিক রাখা এবং পূজা উদ্যাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি। দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, জিয়াউর রহমান, পংকজ বড়ুয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই