ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী নিয়োগের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:০১, ১৫ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী নিয়োগের উদ্যোগ

ফাইল ছবি

মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নিয়োগের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটির সরকার। একই সঙ্গে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে ৩৩৮টি রিক্রুটিং ও প্রসেসিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে মালয়েশিয়া।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশের সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল, ২৫টি বেসরকারি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব এজেন্সি মালয়েশিয়ায় নিয়োগকর্তা খুঁজে কর্মী নিয়োগের কার্যক্রম পরিচালনা করতে পারবে।

নিয়োগপ্রক্রিয়ায় কলিং ভিসা, ই-ভিসা ও প্রয়োজনীয় প্রশাসনিক কাজে বোয়েসেল এবং তালিকাভুক্ত প্রসেসিং এজেন্সিগুলো সহায়তা করবে। কর্মীদের অভিবাসন ব্যয় কমানো ও নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে সরকার।

এদিকে, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে এ তালিকা চূড়ান্ত করবে। অনিয়মের অভিযোগ থাকা মেডিকেল সেন্টার বাদ দিয়ে অনুমোদিত অবশিষ্ট কেন্দ্রগুলোর মাধ্যমে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়ায় যেতে আগ্রহীদের অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি কর্মীদের স্বার্থ রক্ষা, অতিরিক্ত অভিবাসন ব্যয় রোধ এবং আইন মেনে নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে আহ্বান জানানো হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন