ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

চীনের সঙ্গে ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:২৮, ১৪ অক্টোবর ২০২৬

চীনের সঙ্গে ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশ

ফাইল ছবি

চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতায় ঋণনির্ভরতা কমিয়ে যৌথ ও সরাসরি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১৪ অক্টোবর) আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে চীনের এক্সিম ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, এত দিন সার্বভৌম ঋণসহ বিভিন্ন ঋণভিত্তিক অর্থায়নের ওপর নির্ভরতা ছিল। এখন সেই কাঠামো থেকে বেরিয়ে অংশীদারত্বভিত্তিক বিনিয়োগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে বিনিয়োগকারী ও বাংলাদেশ যৌথভাবে প্রকল্পের অংশীদার হতে পারবে।

চীনের সঙ্গে অর্থায়নের এ পরিবর্তন ধীরে ধীরে বাস্তবায়নের আশা প্রকাশ করেন তিনি। তবে কোন প্রকল্পে কী পরিমাণ বিনিয়োগ হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

যুক্তরাষ্ট্রের কাছে আর্থিক সহায়তা প্রত্যাশা

এদিকে, যুক্তরাষ্ট্রের ট্রেজারির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ঋণ ব্যবস্থাপনা, দ্বিপক্ষীয় সম্পর্ক ও অনুদানভিত্তিক সহায়তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ, জ্বালানি ও বিভিন্ন পণ্য আমদানির বিষয় তুলে ধরে বাংলাদেশের জন্য আর্থিক সহায়তা ও অনুদানের প্রয়োজনীয়তা জানানো হয়েছে। এ বিষয়ে মার্কিন পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তবে সহায়তার পরিমাণ বা ধরন এখনো চূড়ান্ত হয়নি।

এ ছাড়া জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রতিনিধিদের সঙ্গে কৃষি খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো প্রকল্প বা অর্থায়নের সিদ্ধান্ত জানানো হয়নি।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন