ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরেও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:২৩, ১৫ অক্টোবর ২০২৬

পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরেও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ছবি : পিএমও

পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় আগামী ছয় মাসের মধ্যে দেশের বীজ উৎপাদনে গুরুত্বপূর্ণ মাতৃগাছ বা ‘মাদার ট্রি’ চিহ্নিত করে সংরক্ষণের সিদ্ধান্ত হয়। পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও তদারকি এবং পার্বত্য চট্টগ্রামে বনায়ন বাড়ানোর উদ্যোগ নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ জানিয়ে তারেক রহমান বলেন, পরিবেশের অবনতি ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করবে। তাই পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে হবে।

দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারলে এর সুফল দেশের সব মানুষ পাবে।

সভায় সিদ্ধান্ত হয়, অন্যান্য মন্ত্রণালয় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কম গাছ লাগালে সেই ঘাটতি পূরণে পরিবেশ মন্ত্রণালয় উদ্যোগ নেবে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন