ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

আমতলীতে পৌর এলাকায় যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামায় নিষেধাজ্ঞা

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৯:০১, ১৫ অক্টোবর ২০২৬

আমতলীতে পৌর এলাকায় যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামায় নিষেধাজ্ঞা

ছবি: ঢাকা এক্সপ্রেস

বরগুনার আমতলী পৌর শহরে যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে গেছে পৌর প্রশাসন। এখন থেকে নির্ধারিত বাসস্ট্যান্ড ছাড়া পৌর এলাকার কোথাও লোকাল বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানো যাবে না। আগামী ২২ অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে পৌরসভা থেকে জানানো হয়েছে।

পৌর প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত লোকাল বাসস্ট্যান্ডকেই একমাত্র বৈধ বাসস্ট্যান্ড হিসেবে নির্ধারণ করা হয়েছে।

ফলে আমতলী থেকে পটুয়াখালী, বরিশাল, কলাপাড়া, কুয়াকাটা ও তালতলী রুটে চলাচলকারী সকল লোকাল বাসকে ওই স্ট্যান্ড থেকেই ছেড়ে যেতে হবে এবং সেখানেই যাত্রী ওঠানামা সম্পন্ন করতে হবে।

এ বিষয়ে ১৫ অক্টোবর ২০২৬ আমতলী পৌরসভার প্রশাসক হাসান মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাস মালিক সমিতি, চালক, হেলপার ও কাউন্টার পরিচালকদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পৌর শহরের ভেতরে যত্রতত্র বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা ও যানজট সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ। নির্ধারিত স্থানের বাইরে বাস থামালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পৌর প্রশাসক জানান, যাত্রী সাধারণের ভোগান্তি কমাতে, নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং পৌর শহরকে যানজটমুক্ত রাখতেই জনস্বার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন