শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:২৩, ১৫ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশ্নে আপস করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী। তিনি বলেছেন, বস্তুনিষ্ঠতার কাছে ভুয়া সংবাদ সব সময় পরাজিত হয়। তাই সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করা সাংবাদিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বাসসের প্রধান কার্যালয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্টচেকিং বিষয়ক প্রশিক্ষণ’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বাসসের ৩৭ জন সাংবাদিক অংশ নেন।
কাদের গনি চৌধুরী বলেন, অপতথ্য ছড়ানোর প্রবণতা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে বিশ্বাসের সংকট তৈরি হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এখন মানুষের চেহারা ও কণ্ঠস্বরও নকল করা সম্ভব। এ পরিস্থিতিতে সংবাদ প্রকাশের আগে বারবার তথ্য যাচাই করতে হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো ও বিরোধী মতকে কোণঠাসা করতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গুজব ছড়ানো হচ্ছে। ভুয়া তথ্যের প্রভাব থেকে সমাজকে রক্ষা করতে নাগরিকদেরও তথ্য যাচাই এবং মিথ্যা কনটেন্ট প্রত্যাখ্যানের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, এআই ও প্রযুক্তির প্রতি অন্ধ নির্ভরতা ঠিক নয়। নেতিবাচক তথ্য দ্রুত ছড়ানোর এই সময়ে সাংবাদিকতায় মানুষের বিবেক, সহানুভূতি ও মানবিক বোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১৩ থেকে ১৫ অক্টোবর অনুষ্ঠিত প্রশিক্ষণে ফ্যাক্টচেকিং, স্মার্টফোননির্ভর মোবাইল সাংবাদিকতা এবং এআই ব্যবহার করে দ্রুত ও নির্ভুল সংবাদ পরিবেশনের কৌশল শেখানো হয়। পাশাপাশি সংবাদে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা, ব্যক্তিগত গোপনীয়তা ও মানবিক দিক তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে বাসস ও পিআইবির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশিক্ষকেরা উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই