শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:১৩, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদমাধ্যমের নামে পরিচালিত পেজের বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ওয়েবভিত্তিক অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদমাধ্যম পরিচয়ে পরিচালিত পেজগুলোকেও বিবেচনায় নেওয়া হচ্ছে। এ বিষয়ে আন্তমন্ত্রণালয় বৈঠকে আলোচনা চলছে।
সাংবাদিকের গ্রহণযোগ্য সংজ্ঞা নির্ধারণের ওপরও গুরুত্ব দেন ইয়াসের খান। সাংবাদিক সংগঠন, সম্পাদক ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুযোগ-সুবিধা পেতে নির্দিষ্ট মাপকাঠি থাকা প্রয়োজন। সাংবাদিকদের কাছ থেকেই ‘কে সাংবাদিক’—এর গ্রহণযোগ্য সংজ্ঞা পেতে চায় সরকার।
এদিকে টেলিভিশন সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন কাঠামো চালুর বিষয়েও সরকার কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে নতুন ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং গণমাধ্যমকর্মীদের বেতন-ভাতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা চলছে।
ডিআরইউ নেতাদের সঙ্গে বৈঠকে গণমাধ্যমকর্মীদের বেতন-ভাতা ও ইনক্রিমেন্টসহ বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সাংবাদিকদের পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ঢাকা এক্সপ্রেস/এসআই