ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

সেপ্টেম্বরে ৭০ সংবাদকর্মী হামলা-হয়রানির শিকার: বিএজে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:২০, ৪ অক্টোবর ২০২৬

সেপ্টেম্বরে ৭০ সংবাদকর্মী হামলা-হয়রানির শিকার: বিএজে

ছবি: ঢাকা এক্সপ্রেস

সেপ্টেম্বর মাসে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেশের অন্তত ৭০ জন সংবাদকর্মী হামলা, গ্রেপ্তার, আইনি হয়রানি, হুমকি ও বাধার শিকার হয়েছেন। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টসের (বিএজে) সেপ্টেম্বরের পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৪০ জন শারীরিক হামলার শিকার হয়েছেন। আটজন আইনি হয়রানির মুখে পড়েছেন। আর ২২ জন হুমকি, হেনস্তা ও পেশাগত কাজে বাধার শিকার হয়েছেন।

বিএজে জানিয়েছে, কক্সবাজারে এক সাংবাদিকের পরিবারের কাছে চাঁদা দাবি করে একটি কিশোর গ্যাং। চাঁদা না দেওয়ায় হামলায় তাঁর মা ও ছোট ভাই আহত হন।

চাঁদপুরের কচুয়ায় ধর্ষণের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরেও এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় তাঁর শিশুকন্যাকেও মারধর করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঢাকার পল্লবীতে চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় হামলা ও গুলিবর্ষণের অভিযোগ করা হয়েছে। মিরপুরে হকার উচ্ছেদের সংবাদ সংগ্রহের সময় অন্তত ছয় সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

সাংবাদিকদের মামলায় জড়ানোর অভিযোগ

নওগাঁয় সংঘর্ষে নিহতের ঘটনায় করা মামলায় এক সাংবাদিককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করার অভিযোগ করেছে বিএজে। ওই মামলার বাদী সাংবাদিককে চেনেন না বলে জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বরগুনায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার এক সাংবাদিকের ডোপ টেস্টের বিষয়টিও প্রতিবেদনে এসেছে। তাঁর পরিবারের দাবি, মামলাটি ষড়যন্ত্রমূলক।

টাঙ্গাইলের ঘাটাইলে তথ্য অধিকার আইনে আবেদন করায় এক সাংবাদিককে ইউএনও হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

বিএজের মতে, আইনের শাসনের ঘাটতি ও বিচারহীনতার সংস্কৃতির কারণে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানি বাড়ছে। এসব ঘটনার তদন্ত, জড়িতদের শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন