ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৪ জমাদিউস সানি ১৪৪৮

ট্রাম্পের নতুন শুল্কের আওতায় আসছে ভারত-চীনসহ যেসব দেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৩৩, ২৫ নভেম্বর ২০২৬

ট্রাম্পের নতুন শুল্কের আওতায় আসছে ভারত-চীনসহ যেসব দেশ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন দফার শুল্কের মুখে পড়তে যাচ্ছে ভারতসহ বিশ্বের ডজনখানেক দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অভিযোগ, এসব দেশ নিজস্ব শিল্প উৎপাদনে ভর্তুকি ও সরকারি সহায়তা দিয়ে মার্কিন কোম্পানিগুলোর ক্ষতি করছে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রস্তাবিত নতুন শুল্কের লক্ষ্যবস্তু হতে পারে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) বিশ্বের কয়েকটি বড় অর্থনীতির দেশ। ট্রাম্প প্রশাসনের কয়েক মাস ধরে চলা শুল্কসংক্রান্ত তদন্তের পর এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলতি সপ্তাহেই মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার তদন্তের ফলাফল প্রকাশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) যুক্তরাষ্ট্র নতুন এই শুল্ক আরোপের ঘোষণা দিতে পারে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস বা মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

নতুন শুল্কের কাঠামো

১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে গত ১১ মার্চ ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও ১৩টি দেশের শিল্প ভর্তুকির বিষয়ে তদন্ত শুরু হয়। এই আইনের আওতায় কোনো দেশের অন্যায্য বাণিজ্যচর্চার প্রমাণ পাওয়া গেলে মার্কিন প্রেসিডেন্ট ওই দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করতে পারেন।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, জেমিসন গ্রিয়ার বলেছেন, এসব ভর্তুকি ও সরকারি সহায়তার কারণে সংশ্লিষ্ট দেশগুলোতে প্রয়োজনের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে। ফলে দেশগুলোর কোম্পানিগুলো কম দামে পণ্য ছেড়ে বিশ্ববাজার সয়লাব করে দিচ্ছে, যা মার্কিন উৎপাদকদের ক্ষতিগ্রস্ত করছে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরের এ ঘোষণার ফলে লক্ষ্যবস্তু হওয়া দেশগুলোর পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক বসতে পারে। এসব দেশ থেকে রপ্তানি হওয়া অধিকাংশ পণ্যই এর আওতায় আসতে পারে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও মোটরগাড়ির মতো কিছু শিল্পপণ্য এ শুল্কের বাইরে থাকতে পারে। কারণ, জাতীয় নিরাপত্তাসংক্রান্ত আলাদা আইনে এসব পণ্যের ওপর আগেই শুল্ক আরোপ করা আছে।

চূড়ান্ত শুল্কের হার এখনো স্পষ্ট নয়। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বারবার বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের প্রথম দফার শুল্ক বাতিল করার আগে ২০২৫ সালে তিনি যে ধরনের শুল্ক নির্ধারণ করেছিলেন, এবারও তেমন শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে তাদের।

এর আগে গত জুলাইয়ে বিদেশি সরবরাহব্যবস্থায় বাধ্যতামূলক বা জবরদস্তিমূলক শ্রম ব্যবহারের বিষয়ে একটি তদন্ত শেষ করে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর। ওই তদন্তের ভিত্তিতে ডজনখানেক বাণিজ্য অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের যৌক্তিকতা তুলে ধরা হয়। অতিরিক্ত উৎপাদনসংক্রান্ত তদন্তের আওতায় থাকা ১৬টি অর্থনীতির সব কটিই ওই তালিকায় ছিল। জুলাইয়ে ঘোষিত শুল্কের সঙ্গে নতুন এই শুল্ক যুক্ত হতে পারে।

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি

কয়েক মাস ধরে ভারত ও যুক্তরাষ্ট্র একটি অন্তর্বর্তীকালীন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। গত ফেব্রুয়ারিতে চুক্তিটির কাঠামো চূড়ান্ত হয়েছিল। তবে গত বছর আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে আরোপিত শুল্ক সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ার পর বিষয়টি আবার আলোচনার টেবিলে ফিরে আসে।

এই চুক্তির আওতায় মার্কিন বাজারে নিজেদের পণ্যের জন্য বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম শুল্কসুবিধা আদায়ের চেষ্টা করছে নয়াদিল্লি।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন