ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৭ জমাদিউস সানি ১৪৪৮

রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১৭ আরোহীর সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:৩৩, ১৮ নভেম্বর ২০২৬

রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১৭ আরোহীর সবাই নিহত

ছবি: সংগৃহীত

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভোতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ আরোহীর সবাই নিহত হয়েছেন। প্রাথমিকভাবে বিমানটিকে রাশিয়ার সামরিক বাহিনীর এএন-১২ মডেলের বিমান হিসেবে শনাক্ত করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) কেমেরোভোর আঞ্চলিক রাজধানীর দক্ষিণে ইয়াগুনোভো গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইজভেস্তিয়া। দ্য কাস্পিয়ান পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে আগুন ধরে যায়। একপর্যায়ে এটি দ্রুত নিচের দিকে নামতে থাকে এবং মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।

কেমেরোভোর গভর্নর ইলিয়া সেরেদিউক টেলিগ্রামে এক বার্তায় ইয়াগুনোভো এলাকায় একটি ‘বিমান দুর্ঘটনার’ কথা জানান। তিনি বলেন, দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে জরুরি সেবা সংস্থার কর্মীরা উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছেন।

গভর্নর আরও বলেন, আঞ্চলিক প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে।

পরবর্তী এক ভিডিও বার্তায় তিনি জানান, দুর্ঘটনার আগে বিমানটি ওই অঞ্চলের ওপর দিয়ে যাচ্ছিল।

এ ঘটনায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন