শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৫৪, ১৮ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। তবে এ সময় ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম চলমান থাকবে। বুধবার (১৮ নভেম্বর) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ এ রিট আবেদন করেন। পরে সাংবাদিকদের তিনি জানান, এবার প্রায় ৪৯ শতাংশ শিক্ষার্থী দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। এসব শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিয়েছে সরকার। আগামী ২৩ ডিসেম্বর এ পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে।
কামরুন নাহার মাহমুদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এতে পুনঃপরীক্ষার ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়টির তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। ফলে পুনঃপরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারে।
তিনি আরও বলেন, সরকার শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিলেও ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পারলে সেই সুযোগ কার্যকর হবে না। এতে শিক্ষার্থীদের আরও এক বছর অপেক্ষা করতে হতে পারে এবং তারা হতাশায় ভুগতে পারে।
আইনজীবী জানান, আদালতের আদেশ অনুযায়ী, ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম চলবে। তবে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত থাকবে।
ঢাকা এক্সপ্রেস/এসআই