শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৫২, ১৮ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দিলে বিরোধী দল হিসেবে সরকারের সব কাজে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সরকার গণরায় মেনে নিলে রাজনৈতিক সংকট কেটে যাবে এবং সরকারের প্রতি জনগণের আস্থা ফিরবে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১১টায় দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি, জনগণের জানমালের নিরাপত্তাহীনতা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এসব বিষয় নিয়ে নির্বাহী পরিষদের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল ও সংসদের প্রধান বিরোধী দল হিসেবে বর্তমান পরিস্থিতিতে করণীয় এবং জনগণের প্রতি বার্তা নির্ধারণ করেছে জামায়াত।
তিনি অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা করে সরকার একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতায় দেশ পরিচালনার দিকে এগোচ্ছে। এতে রাজনৈতিক সংকট ও অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছিল এবং দলগুলো এতে স্বাক্ষর করেছিল। পরবর্তী সময়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সনদের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু ক্ষমতাসীন দল সেই গণরায় উপেক্ষা করছে। প্রায় পাঁচ কোটি মানুষের রায়ের প্রতি সরকারের এমন অবস্থানের কারণে জনগণের আস্থা নষ্ট হয়েছে। একটি সনদে সম্মত হওয়ার পর ক্ষমতায় গিয়ে তা অস্বীকার করা রাজনৈতিক দ্বিচারিতা বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের এই নেতা বলেন, গণভোটের রায় মেনে নেওয়া হলে বর্তমান রাজনৈতিক সংকট অনেকটাই নিরসন সম্ভব। সরকার এ বিষয়ে ঘোষণা দিলে বিরোধী দল হিসেবে সরকারের সব কাজে সহযোগিতা করা হবে।
দেশের সাম্প্রতিক সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আসার পর থেকে গোপালগঞ্জ, ফরিদপুর, ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় সহিংসতা ও অস্থিরতা দেখা যাচ্ছে। মহাসড়কে গাছ কেটে ও সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন স্থানে গাড়িতে তল্লাশি চালিয়ে মানুষকে মারধর, অগ্নিসংযোগ এবং বাড়িঘর ও দোকানপাটে হামলার ঘটনা ঘটছে। জামায়াতের সংসদ সদস্যদের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন স্থানে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা এবং থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। পুলিশের ওপর হামলা ও তাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করতে পারছে না বলে মন্তব্য করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বক্তব্য দিয়েছেন। তবে সরকারের বক্তব্যের সঙ্গে মাঠপর্যায়ের পরিস্থিতির অসংগতি রয়েছে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই