শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:০১, ১২ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তাঁর দাবি, ঘটনাটি পেট্রলবোমা হামলার মতো। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নুসরাত জানান, গত ২৮ অক্টোবর থেকে কয়েক দফায় তাঁকে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তিনি। হামলার তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে হুমকিমূলক পোস্ট দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।
সংসদ সদস্য বলেন, সিসিটিভির সময় অনুযায়ী রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে বাড়িতে পরপর চারটি বিস্ফোরণ ঘটে। এতে বাড়ির অধিকাংশ অংশ পুড়ে যায়, একটি শিশু আহত হয় এবং কয়েকটি গবাদিপশু মারা যায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা দেরি করেছে এবং এখনো আলামত সংগ্রহ করেনি বলে অভিযোগ করেন তিনি। দ্রুত আলামত সংগ্রহ ও তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার দাবি জানান নুসরাত।
তিনি বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে এমন হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাষ্ট্রের দায়িত্ব ও পদক্ষেপের ব্যাখ্যাও দাবি করেন তিনি।
হামলার সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা নিয়ে নুসরাত বলেন, হুমকি ও ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজনের উল্লাসের বিষয়টি তিনি জনগণকে জানাতে চান। তবে প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে বের করার আহ্বান জানান তিনি।
ঢাকা এক্সপ্রেস/এসআই