শিরোনাম
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ১৮:৪৯, ১২ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শীতকালীন সবজি চাষ কর্মসূচি ২০২৬-২৭-এর উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ কেন্দ্রের (বাউএক) অন্তর্ভুক্ত বিভিন্ন সমিতির ৭২ জন কৃষক-কৃষাণীর মধ্যে বীজ ও চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বাউএক চাষি মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। দিনব্যাপী দুই পর্বের অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীদের মধ্যে ব্রকলি, বীজবিহীন লেবুর চারা, বিনা-১১ টমেটোর চারা ও গাজরের বীজ বিতরণ করা হয়।
বাউএক-এর পরিচালক অধ্যাপক ড. ইফ্ফাত তারা মাহ্জাবীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি ছিলেন বাউএক-এর সাবেক পরিচালক ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলী। এ ছাড়া উপস্থিত ছিলেন বাউএক-এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আফরোজা বেগম এবং বিভিন্ন সমিতির কৃষক-কৃষাণীরা।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সোনিয়া সেহেলী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ—এই তিনটি কার্যক্রমের মধ্যে সম্প্রসারণ অন্যতম। এ কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে। কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীদের পাশাপাশি তাঁদের দেখে আশপাশের অন্য কৃষকরাও উপকৃত হবেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, দেশের কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তনের পেছনে কৃষক-কৃষাণীদের অবদান গুরুত্বপূর্ণ। কৃষি গবেষকেরা নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের কাজ এগিয়ে নিলেও মাঠপর্যায়ে সেগুলোর বাস্তব প্রয়োগ করেন প্রান্তিক কৃষকেরা।
তিনি আরও বলেন, শীতকালীন সবজি চাষে আধুনিক কৃষিপ্রযুক্তি, সঠিক ব্যবস্থাপনা ও মানসম্মত উৎপাদন বৃদ্ধিতে এ কর্মসূচি প্রশংসনীয় ভূমিকা রাখবে। দেশের কৃষি ও সামগ্রিক উন্নয়নে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা এক্সপ্রেস/এসআই