শিরোনাম
গবি প্রতিনিধি
প্রকাশ: ১১:৪৩, ১০ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
আগামী ১০ নভেম্বর দেশব্যাপী কথিত ‘সর্বাত্মক ধর্মঘট’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর ও পোস্টারকে ভিত্তিহীন বলে দাবি করেছে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু)। বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম নির্ধারিত সূচি অনুযায়ী চলবে বলেও জানিয়েছে সংগঠনটি।
সোমবার (৯ নভেম্বর) রাতে গকসুর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, সম্প্রতি কিছু ভুয়া আইডি থেকে সাধারণ শিক্ষার্থীদের ইনবক্সে বার্তা পাঠানো হচ্ছে। পাশাপাশি অনির্ভরযোগ্য অনলাইন পোর্টালে ধর্মঘটের খবর ছড়ানো হচ্ছে। গকসুর দাবি, এটি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপপ্রচার ও চক্রান্তের অংশ। শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ এড়াতে এ বার্তা দেওয়া হয়েছে।
বিবৃতিতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অফিশিয়াল নোটিশ ছাড়া কোনো বেনামি ব্যক্তি বা নিষিদ্ধ সংগঠনের ডাকে সাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও পড়ালেখার পরিবেশ বজায় রাখতে ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট রয়েছে বলেও জানায় গকসু।
গকসু আরও বলেছে, গণঅভ্যুত্থান-পরবর্তী শিক্ষাঙ্গনে কোনো নিষিদ্ধ সংগঠনের উসকানিমূলক ডাকে শিক্ষা কার্যক্রম বন্ধ হতে দেওয়া হবে না। শিক্ষাঙ্গনে ভয়ের পরিবেশ বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। এ ধরনের চেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর আইনি ও সামাজিক পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সংসদ।
ঢাকা এক্সপ্রেস/এসএস