ঢাকা, রোববার, ০৮ নভেম্বর ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

সিপাহী-জনতার ঐক্যেই দেশের পরিবর্তন সম্ভব: জাককানইবি ট্রেজারার

জাককানইবি প্রতিনিধি

প্রকাশ: ১৫:১৯, ৮ নভেম্বর ২০২৬

সিপাহী-জনতার ঐক্যেই দেশের পরিবর্তন সম্ভব: জাককানইবি ট্রেজারার

ছবি: ঢাকা এক্সপ্রেস

জাতীয় ঐক্য ও সংহতির মাধ্যমে দেশের পরিবর্তন সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেছেন, সেদিন সিপাহী ও জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে মেজর জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করা হয়েছিল।

শনিবার (৭ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত পতাকা উত্তোলন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ট্রেজারার বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ব্যবধান তৈরি হওয়ায় অসন্তোষ বাড়তে থাকে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর রাষ্ট্র ও সেনাবাহিনীতে অস্থিরতা দেখা দেয়। এর ধারাবাহিকতায় ৩ নভেম্বরের অভ্যুত্থানে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয়। পরে ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব ও পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি মুক্ত হন।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের গণআন্দোলন—এসব ঘটনার মধ্য দিয়ে ঐক্যবদ্ধ জনগণের শক্তি প্রকাশ পেয়েছে। দেশের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তখনই বাস্তবায়িত হবে, যখন ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

এর আগে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিভিন্ন অনুষদের ডিনরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিবসটি উদযাপন কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. তানজিল হোসেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় ও দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য-সচিব মামুন সরকারও বক্তব্য দেন। সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. আশরাফুল আলম।

দিবসটি উপলক্ষে আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে বৃহৎ পরিসরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন