ঢাকা, রোববার, ০৮ নভেম্বর ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

সংস্কারে স্বস্তি ফিরেছে রাজাহাট-চুকনগর ৩৮ কিমি সড়কে

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৭:৩২, ৮ নভেম্বর ২০২৬

সংস্কারে স্বস্তি ফিরেছে রাজাহাট-চুকনগর ৩৮ কিমি সড়কে

ছবি: ঢাকা এক্সপ্রেস

যশোর-খুলনা মহাসড়কের রাজাহাট থেকে মনিরামপুর ও কেশবপুর হয়ে চুকনগর পর্যন্ত ৩৮ কিলোমিটার সড়ক সংস্কার করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। জরুরি সংস্কারকাজ শেষে সড়কটিতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। এতে যাত্রী ও চালকদের ভোগান্তি কমেছে।

গত বর্ষা মৌসুমে অতিরিক্ত পণ্যবোঝাই ভারী যানবাহনের চাপে সড়কের বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয় এবং পিচ উঠে যায়। এতে যান চলাচলে দুর্ভোগ পোহাতে হয় চালক ও যাত্রীদের। পরিস্থিতি বিবেচনায় দ্রুত সংস্কারকাজ শুরু করে যশোর সড়ক বিভাগ।

সওজ সূত্রে জানা গেছে, ২০২২ সালের শেষ দিকে সড়কটির মূল নির্মাণ ও সংস্কারকাজ শেষ হয়। তবে ঠিকাদারের রক্ষণাবেক্ষণ মেয়াদ শেষ হওয়ার পর মোংলা বন্দর ও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পণ্য পরিবহনে ব্যবহৃত ১০ চাকার ট্রাকসহ ভারী যানবাহনের চাপে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার করা হয়।

সড়কে চলাচলকারী মাইক্রোবাসচালক আব্দুল মাজেদ বলেন, বর্ষায় সড়কের বিভিন্ন স্থানে গর্ত থাকায় চলাচলে ভোগান্তি হতো। এখন রাজাহাট থেকে চুকনগর পর্যন্ত সড়ক অনেক ভালো হয়েছে। যানবাহনও স্বাচ্ছন্দ্যে চলাচল করছে।

সওজের যশোরের নির্বাহী প্রকৌশলী শাম্মী সুলতানা বলেন, ভারী যানবাহন চলাচলের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হয়। সড়কের স্থায়িত্ব ধরে রাখতে অতিরিক্ত পণ্যবোঝাই যানবাহন নিয়ন্ত্রণ ও নিয়মিত তদারকি প্রয়োজন। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা জরুরি।

স্থানীয় বাসিন্দা ও চালকদের মতে, সড়কটি সংস্কারের ফলে যাতায়াত ও পণ্য পরিবহনে স্বস্তি ফিরেছে। এ পথে নিয়মিত যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করায় সড়কটি সচল রাখা স্থানীয় যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন