শিরোনাম
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৪:১৯, ৭ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসরে পুলিশের অভিযান চালানোর তথ্য দেওয়ার সন্দেহে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গিরিশনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সাংবাদিক আব্দুল্লাহ ফারুক মোল্লাহাট প্রেসক্লাবের সহসভাপতি। তিনি গ্রীন টিভি ও দৈনিক কালবেলার মোল্লাহাট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
সাংবাদিকের অভিযোগ, উপজেলার গিরিশনগর দ্বীপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরে একটি চক্র জুয়ার আসর পরিচালনা করে আসছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জুয়ার আসরটি বন্ধ করে দেয়। এ ঘটনায় সাংবাদিক ফারুক পুলিশকে তথ্য দিয়েছেন বলে সন্দেহ করে তাঁর ওপর ক্ষুব্ধ হয় চক্রটির সদস্যরা।
তিনি আরও অভিযোগ করেন, রাত সাড়ে ১০টার দিকে ফারুক শেখ, কবির ও আহাদসহ ১০ থেকে ১২ জন তাঁকে ডেকে নিয়ে মারধর করেন। একপর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের গাড়িতে করে থানায় নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আব্দুল্লাহ ফারুক বলেন, জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযানের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। সম্পূর্ণ ভিত্তিহীন সন্দেহের বশে তাঁর ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
এ ঘটনায় সাংবাদিক আব্দুল্লাহ ফারুক বাদী হয়ে ফারুক শেখ, কবির ও আহাদসহ ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড মিডিয়া ফোরামের বাগেরহাট শাখা। সংগঠনটির সভাপতি সৈকত মন্ডল ও সাধারণ সম্পাদক সাগর মল্লিকসহ সদস্যরা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই