ঢাকা, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী, পদবিতেও পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:১০, ৭ নভেম্বর ২০২৬

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী, পদবিতেও পরিবর্তন

ছবি: ঢাকা এক্সপ্রেস

গ্রাম পুলিশের মাসিক বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি প্রতি মাসে ১৫০ টাকা মোবাইল ভাতা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দফাদার ও মহল্লাদার পদবি পরিবর্তন করে গ্রাম পুলিশ এবং গ্রাম পুলিশ প্রধান হিসেবে নতুন পরিচয় নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জানান, গ্রাম পুলিশের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার টাকা বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। আর গ্রাম পুলিশ প্রধানের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া গ্রাম পুলিশের আনুতোষিক ভাতা ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের আনুতোষিক ভাতা ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানের যাতায়াত ভাতাও ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক গ্রাম পুলিশ মাসে ১৫০ টাকা মোবাইল ভাতা পাবেন।

পদবি পরিবর্তনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে পেশাগত পরিচয় হবে গ্রাম পুলিশ। মহল্লাদাররা গ্রাম পুলিশ এবং দফাদাররা গ্রাম পুলিশ প্রধান হিসেবে পরিচিত হবেন। সরকারিভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে নতুন করে আরও দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে নারী গ্রাম পুলিশদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা হয়েছে।

তিনি আরও জানান, সরকার দেশব্যাপী এক লাখ হেলথ ওয়ার্কার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৮০ হাজারই হবেন নারী।

গ্রাম পুলিশের কাজের স্বীকৃতি দিতে প্রতিটি ইউনিয়নের একটি বড় সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এসব সড়কে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় গাছ লাগানো হবে। গাছগুলো পরিণত হলে বিক্রির অর্থ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বণ্টন করা হবে।

এ ছাড়া আগে প্রতি পাঁচ বছর পর গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকেল দেওয়া হলেও এখন থেকে সাড়ে তিন বছরের মধ্যে তা দেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বক্তব্যে বিগত ফ্যাসিবাদী সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, ওই শাসনামলে রাজনৈতিক ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্র ও সমাজেও চরম অবক্ষয় ঘটেছিল। পরিবারে পরিবারে বিরোধ এবং তৃণমূল পর্যায়ে প্রতিহিংসা ছড়িয়ে পড়েছিল।

নিরাপদ ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক মূল্যবোধ ও সম্প্রীতি পুনর্গঠনে গ্রাম পুলিশকে নিরপেক্ষ ও জনবান্ধব ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা প্রায় ৪১ হাজার গ্রাম পুলিশ সদস্য অংশ নেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকারমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামসহ সামরিক ও বেসামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন