ঢাকা, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

ফ্যাসিস্টদের ফিরে আসার সুযোগ দেবে না জনগণ: ধর্ম প্রতিমন্ত্রী

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৯:৪৭, ৭ নভেম্বর ২০২৬

ফ্যাসিস্টদের ফিরে আসার সুযোগ দেবে না জনগণ: ধর্ম প্রতিমন্ত্রী

ছবি: ঢাকা এক্সপ্রেস

বিএনপি একাত্তর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। তিনি বলেছেন, ফ্যাসিস্টদের পুনর্বাসন তো দূরের কথা, দেশে ফিরে আসার সুযোগও জনগণ দেবে না।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শামীম কায়সার লিংকন বলেন, ‘বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি ছিল। যে দল বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং ফ্যাসিস্টকে হটিয়েছে, সেই ফ্যাসিস্টকে পুনর্বাসন তো দূরের কথা, আমরা কেন, ফিরে আসার সুযোগ দেশের জনগণই দেবে না।’

তিনি আরও বলেন, ‘যে দল দলীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে দেশে গণহত্যা চালিয়েছে, সেই দলের পুনর্বাসন কিংবা ফিরে আসার কোনো সুযোগ নেই।’

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি, কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণ এবং রাস্তাঘাট পাকাকরণের কাজ করছে সরকার। পাশাপাশি বিভিন্ন পাইলট প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী।

পরে জেলা বিএনপির আয়োজনে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগ দেন তিনি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদির সভাপতিত্বে অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবুসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন