ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

যে ৯ কারণে ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানি বাতিল হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:১২, ৮ সেপ্টেম্বর ২০২৬

যে ৯ কারণে ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানি বাতিল হবে

ফাইল ছবি

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানি ও উৎসব ভাতার ব্যবস্থা করেছে সরকার। তবে নির্ধারিত ৯টি কারণে এ সম্মানি বাতিল হতে পারে।

রোববার (৬ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় ‘মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানি ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬’ শীর্ষক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে সম্মানি পাওয়ার যোগ্যতা, অযোগ্যতা এবং কোন কোন কারণে এ সুবিধা বাতিল হবে, তা উল্লেখ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, সম্মানি পেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। একই সঙ্গে উপজেলা কমিটি কর্তৃক নির্বাচিত মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার বা গির্জায় কর্মরত থাকতে হবে। সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত থাকার নিয়োগপত্রও থাকতে হবে।

নীতিমালায় বলা হয়েছে, দেশের আর্থসামাজিক উন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, সামাজিক মূল্যবোধের বিকাশ এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় এসব প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা জোরদার করতেই এ নীতিমালা করা হয়েছে।

এর আওতায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত সেবকদের মাসিক সম্মানি দেওয়া হবে। পাশাপাশি ধর্মীয় উৎসব উপলক্ষে উৎসব ভাতার ব্যবস্থাও থাকবে।

তবে নিচের ৯টি কারণে সম্মানি বাতিল হতে পারে—

১. নৈতিক স্খলন বা ফৌজদারি অপরাধে দণ্ডিত হলে
নৈতিক স্খলনজনিত বা ফৌজদারি অপরাধে কেউ দণ্ডিত হলে তার সম্মানি বাতিল হবে।

২. চাকরিচ্যুত বা স্বেচ্ছায় পদত্যাগ করলে
সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হলে বা স্বেচ্ছায় পদত্যাগ করলে সম্মানি বাতিল হবে।

৩. তথ্য জালিয়াতি প্রমাণিত হলে
সম্মানি পাওয়ার জন্য দেওয়া তথ্যে কোনো ধরনের জালিয়াতি প্রমাণিত হলে এ সুবিধা বাতিল হবে।

৪. রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে
কেউ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তার সম্মানি বাতিল হবে।

৫. সম্মানিভোগীর মৃত্যু হলে
কোনো সম্মানিভোগী ব্যক্তির মৃত্যু হলে তার সম্মানি বাতিল বলে গণ্য হবে।

৬. ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত না থাকলে
মসজিদ বা অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত না থেকেও কেউ সম্মানিভোগী হিসেবে নির্বাচিত হলে তার সম্মানি বাতিল হবে।

৭. অন্য উৎস থেকে বেতন-ভাতা পেলে
সরকার, স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ট্রাস্ট, বিদেশি সংস্থা কিংবা উন্নয়ন প্রকল্প থেকে কোনো ধরনের বেতন-ভাতা পেলে এ কর্মসূচির আওতায় সম্মানি পাওয়া যাবে না।

৮. সমাজবিরোধী বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে
কেউ সমাজবিরোধী বা অন্য কোনো অপরাধমূলক কার্যক্রমে জড়িত—এমনটি প্রমাণিত হলে তার সম্মানি বাতিল হবে।

৯. রাজনৈতিক দলের সদস্য হলে
কোনো ব্যক্তি রাজনৈতিক দলের সদস্য হলে বা থাকলে তিনি এ কর্মসূচির আওতায় সম্মানি পাওয়ার যোগ্য হবেন না।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন