ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতায় শারদীয় দুর্গোৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৫৮, ১৬ অক্টোবর ২০২৬

মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতায় শারদীয় দুর্গোৎসব শুরু

ছবি: সংগৃহীত

মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গাপূজা। তিথি অনুযায়ী আজ শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় হবে দুর্গতিনাশিনী দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। এরপর স্থায়ী মণ্ডপগুলোর প্রতিমা উন্মোচন করা হবে ভক্তদের জন্য।

ঢাকের তালে তালে এগিয়ে আসে পূজার ক্ষণ। শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত চারপাশ। অপেক্ষার অবসান ঘটিয়ে দেবী দুর্গার আগমনে ভক্তদের মনে আনন্দ ও উৎসবের আবহ তৈরি হয় শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠীতে।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ষষ্ঠীর সকাল থেকেই ভক্তদের আনাগোনা ছিল। মন্দিরের মিলতলায় সকাল ৯টায় শুরু হয় কল্পারম্ভ ও বিহিত পূজার আনুষ্ঠানিকতা। বিভিন্ন উপাচারে চণ্ডীপাঠ ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে আরাধনা করে প্রণাম জানান ভক্তরা।

ভক্তদের একজন বলেন, ‘দুটি সপ্তমী তিথি পড়েছে। যার কারণে মাকে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন পাব। তো মায়ের কাছে একটু বেশি আরাধনা, বেশি প্রার্থনা করতে পারব।’

আরেক ভক্ত বলেন, ‘মায়ের কাছে আমরা এই পাঁচ দিন প্রার্থনা করব, যাতে আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত হয়। সমাজে মানুষের প্রতি মানুষের যে মমত্ববোধ, সেই বিষয়গুলোও যেন জাগ্রত হয়।’

হিন্দু ধর্মীয় বিশ্বাসে দেবী ষষ্ঠী সন্তানদের রক্ষাকারিণী হিসেবে পূজিত হন। সন্তানের মঙ্গল ও সুস্থতা কামনায় বৈদিক ধর্মাবলম্বীরা এই দেবীর আরাধনা করেন।

ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত বলেন, ‘অতি ভাগ্যহীন লোকেরও যেন সমস্ত অমঙ্গল দূর হয়ে যায়। যেন মঙ্গলে পরিপূর্ণ হয়। যেন শান্তিতে সমস্ত পৃথিবীটা বিরাজ করতে পারে। সবার সংসারে শান্তি আসে, পূর্ণ শান্তি আসে, সবার সমস্ত অমঙ্গল দূর হয়ে যাক, এই প্রার্থনা নিয়ে আমরা আজকে পূজা দিয়েছি। আমাদের পূজায় আমরা অত্যন্ত খুশি।’

পুরাণ ও প্রচলিত বিশ্বাস অনুযায়ী, প্রতিবছর শরতের এই সময়ে কৈলাস থেকে সপরিবারে মর্ত্যে আসেন দেবী দুর্গা। কন্যারূপে বাবার বাড়িতে উমার এই আগমনকে ঘিরেই ভক্তদের মধ্যে এত উল্লাস।

বছর ঘুরে ঘরের মেয়ে উমা আবারও ফিরে এসেছেন ঘরে। তাই ষষ্ঠীর মধ্য দিয়ে আজ যে শারদীয় দুর্গোৎসব শুরু হলো, সামনের দিনগুলো আরও রঙিন হয়ে উঠবে, এমন প্রত্যাশা ভক্তদের।

ভক্তদের মনেও বেজে উঠেছে আনন্দ ও উল্লাসের সুর। গজে চড়ে শস্যপূর্ণ পৃথিবীর বার্তা নিয়ে আসা দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে আগামী দিনগুলোতে যেন এই ধরণীতে শান্তির চাদর বিছিয়ে যায়, সেই প্রার্থনাই করবেন তারা।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন