শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:০০, ১১ সেপ্টেম্বর ২০২৬
ফাইল ছবি
২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করেছে সৌদি সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনের নিবন্ধনের কথা উল্লেখ করা হয়েছে।
গত ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু হয়েছে। ২৪ সেপ্টেম্বর নিবন্ধন শেষ হওয়ার পর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।
এরপর চূড়ান্ত হজযাত্রীর সংখ্যার ভিত্তিতে সৌদি পর্বের অর্থ প্রেরণ, স্বাস্থ্য পরীক্ষা, ভিসা আবেদন, টিকাদান ও হজ প্রশিক্ষণসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।
নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, সংশ্লিষ্ট ব্যাংক ও হজ কার্যক্রমে সম্পৃক্ত সবাইকে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
হজ নিবন্ধন ও সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।
ঢাকা এক্সপ্রেস/এসআই