শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:১৩, ২৮ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
কাজাখস্তানে ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ারি। মাসব্যাপী রোজা শেষে ৯ মার্চ (মঙ্গলবার) ঈদুল ফিতর উদ্যাপিত হবে। দেশটির মুসলিমদের আধ্যাত্মিক প্রশাসন এ তারিখ নির্ধারণ করেছে।
আগামী বছরের ধর্মীয় দিবসগুলোর পূর্ণ পঞ্জিকাও অনুমোদন করেছে সংস্থাটি। কাজাখস্তানের বার্তা সংস্থা কাজইনফর্ম নিউজ এজেন্সি সম্প্রতি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রমজানের অন্যতম পবিত্র রাত লাইলাতুল কদর বা শবে কদর পড়বে ২০২৭ সালের ৫ ও ৬ মার্চের মধ্যবর্তী রাতে।
কাজাখস্তানে আগামী বছরের ১৬ মে, রোববার ঈদুল আজহা উদ্যাপিত হবে। দেশটিতে এটি ‘কুরবান আইত’ নামে পরিচিত। তিন দিন ধরে চলবে এ উৎসব। এর আগের দিন শনিবার পালিত হবে আরাফার দিবস।
রমজান শুরুর আগে মুসলিমরা শবে বরাত পালন করবেন। ২২ ও ২৩ জানুয়ারির মধ্যবর্তী রাতে এ ধর্মীয় দিবস পালিত হওয়ার কথা রয়েছে।
গ্রীষ্মে মুসলিমরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিবস উপলক্ষে ঈদে মিলাদুন্নবী বা মাওলিদ পালন করবেন। দিনটি ১৪ আগস্ট এবং তার পরের দিন।
তারিখ বদলাতে পারে কেন
কাজাখস্তানের মুসলিমদের আধ্যাত্মিক প্রশাসন জানিয়েছে, হিজরি মাসের শুরুর তারিখ নির্ধারণে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্য ব্যবহার করা হয়েছে।
প্রতিটি মাসের শুরু নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে। তাই ঘোষিত তারিখগুলো এখনো সাময়িক। চাঁদ দেখার ভিত্তিতে এসব তারিখ এক দিন এদিক-সেদিক হতে পারে।
এর আগে চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল ১৯ মার্চ। ২০ মার্চ ঈদুল ফিতর উদ্যাপিত হয়।
ঢাকা এক্সপ্রেস/এসএস