ঢাকা, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

সদস্যপদ স্থগিত, লাইভে এসে মুখ খুললেন তানজিন তিশা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৪:৪৭, ৭ নভেম্বর ২০২৬

সদস্যপদ স্থগিত, লাইভে এসে মুখ খুললেন তানজিন তিশা

ফাইল ছবি

শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে দুই অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। এ সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের অবস্থান তুলে ধরেছেন তানজিন তিশা। শুটিং সেটের ঘটনা, সংগঠনের সালিশ বৈঠক এবং সদস্যপদ স্থগিতের কারণ নিয়ে কথা বলেছেন তিনি।

জানা গেছে, গত ৪ অক্টোবর দুই অভিনেত্রীর কাছে চিঠি পাঠায় অভিনয়শিল্পী সংঘ। এর আগে গত ৭ জুলাই তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে কেউই ওই নোটিশের জবাব দেননি। বিরোধ মীমাংসায় সংগঠনটির পক্ষ থেকে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও দুই শিল্পীর সাড়া না পাওয়ায় সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

সদস্যপদ স্থগিতের খবর প্রকাশের কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে আসেন তানজিন তিশা। সেখানে শুটিং সেটে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, সেদিন কী ঘটেছিল, তা উপস্থিত সবাই দেখেছেন।

তিশার ভাষায়, ‘আমার পাগলের চরিত্র আমি করেছি সেটা আপনারা দেখেছেন। কোনো কাটছাঁট করা হয়নি। কে আগে ইমপ্রোভাইজ করেছে, কে আগে অ্যাটাক করেছে, কে অ্যাটাক করে নিজেকে নির্যাতিত হিসেবে দাবি করেছে; সেটা আপনারা বুঝতে পারবেন।’

অভিনয়শিল্পী সংঘের সালিশ বৈঠকের বিষয়েও কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান, বৈঠকে দুই পক্ষকেই ক্ষমা চেয়ে বিবৃতি দিতে এবং ভিডিও বার্তা পাঠাতে বলা হয়েছিল। তবে সামিয়া অথৈ ভিডিও বার্তা দেননি। তিনিও ব্যক্তিগত কারণে সেটি পাঠাতে পারেননি।

তিশা বলেন, ‘বলা হয়েছিল, আমরা দুজনই যেন ক্ষমা চেয়ে বিবৃতি দিই এবং একটি ভিডিও বার্তা পাঠাই। সে (সামিয়া অথৈ) ভিডিওটি দেয়নি। আমিও কোনো কারণে দিতে পারিনি। আমি নোটিশ অমান্য করেছি বলে আজ আমাকে সদস্যপদ স্থগিতের চিঠি পাঠানো হয়েছে। ঠিক আছে।’

লাইভে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ প্রকাশের বিষয়েও নিজের আপত্তির কথা জানান তিশা। তাঁর মতে, পেশাগত বিরোধ মীমাংসার পরিবর্তে তা প্রকাশ্যে এনে কাউকে হেয় করা কিংবা ক্যারিয়ারের ক্ষতি করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

এ সময় গত এক বছরে তাঁকে ঘিরে তৈরি হওয়া বিভিন্ন বিতর্কের প্রসঙ্গও তুলে ধরেন অভিনেত্রী। তিনি বলেন, ‘গত এক বছরে অনেক কিছু দেখলাম, শাড়ি-কাণ্ডও দেখলাম। আজ হোক বা কাল, সবকিছু সবার সামনে আসবে। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি।’

নিজের অবস্থানে অটল থাকার কথা জানিয়ে তিশা আরও বলেন, ‘আট মাস ধরে যত বাধাই আসুক, যা-ই ঘটুক, আমি থেমে নেই। আমি থেমে থাকব না। আমি হাল ছাড়ব না। এত আত্মবিশ্বাস নিয়ে কথাটা বলতে পারছি, কারণ আমি জানি, আমি ভুল কিছু করিনি।’

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন