শিরোনাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২:১১, ১ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি দেশ-বিদেশে ভ্রমণ করতেও পছন্দ করেন। একটু অবসর পেলেই ছুটে যান দূরে কোথাও। ভ্রমণবিলাসী তারকা হিসেবে তার পরিচিতি রয়েছে। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর মুহূর্ত প্রায়ই সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি।
এবার সেই ধারাবাহিকতায় নিউইয়র্কের আয়নাঘরে দেখা গেল সাদিয়া জাহান প্রভাকে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্যতিক্রমী একটি পর্যটনকেন্দ্রে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন তিনি। চারপাশের আয়না ও কাচের প্রতিফলনে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন দৃশ্য। রৌদ্রোজ্জ্বল দিনের আলোয় লাল পোশাকের সঙ্গে আয়নাঘরের ঝলমলে পরিবেশ ছবিগুলোতে যোগ করেছে ভিন্নমাত্রা। এদিন প্রভার পরনে ছিল নেটের পেটাল স্লিভসের বেল্টযুক্ত ক্ল্যাসিক ড্রেস।
নিউইয়র্কের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সামিট ওয়ান ভ্যান্ডারবিল্টে তোলা ছবিগুলোতে প্রভাকে দেখা গেছে টুকটুকে লাল পোশাকে। পোশাকের সঙ্গে মিলিয়ে ঠোঁটে লাল লিপস্টিক ও কানে ছোট পার্লের দুল পরেছিলেন তিনি। কাঁধে ছিল লম্বা চেনের স্টাইলিশ ব্যাগ। খোলা চুলে সাবলীল ভঙ্গিতে ক্যামেরায় ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
ম্যানহাটনের মিডটাউন এলাকায় অবস্থিত সামিট ওয়ান ভ্যান্ডারবিল্ট কেবল পর্যবেক্ষণকেন্দ্র নয়, আধুনিক প্রযুক্তি ও শিল্পের সমন্বয়ে তৈরি একটি ব্যতিক্রমী পর্যটনকেন্দ্র। আয়নাঘেরা কক্ষ, কাচের তৈরি মিরর স্কাই বক্স এবং নানা ধরনের অপটিক্যাল ইল্যুশন পর্যটকদের আকৃষ্ট করে।
নিউইয়র্ক শহরের আকাশচুম্বী ভবনগুলোর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের পাশাপাশি এখানে পাওয়া যায় ভিন্নধর্মী ছবি তোলার সুযোগ। প্রভার সাম্প্রতিক ছবিগুলোতেও আয়নার সেই জাদু যেন নতুন করে ধরা দিয়েছে।
এর আগে শ্রীলঙ্কার মিরিসা সৈকতে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটিয়েছিলেন সাদিয়া জাহান প্রভা। সমুদ্রের অপরূপ দৃশ্যের মাঝে নিজেকে হারিয়ে খুঁজেছিলেন তিনি। অবকাশ যাপনের সেই মুহূর্তের কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী। সেখান থেকেই ভ্রমণের প্রতি ভালো লাগার কথা জানিয়েছিলেন তিনি। একা পথচলার সেই অভিজ্ঞতাও তুলে ধরেছিলেন।
ঢাকা এক্সপ্রেস/এসএস