শিরোনাম
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১০:৩৮, ১ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বালুভর্তি ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে হাসানুর (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের সঙ্গে ট্রাক্টরের মালিকপক্ষের এক লাখ টাকায় সমঝোতার অভিযোগ উঠেছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ঝাঁকুয়াবাড়ি গ্রামের পাকা রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসানুর ওই গ্রামের আনিসুর রহমান ও হাসনা বেগম দম্পতির ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে বালুভর্তি ট্রাক্টরের চাকা হাসানুরের ওপর দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাক্টরটির মালিক ভিতরবন্দ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পণ্ডিতপাড়া গ্রামের বাসিন্দা ফুলবর মিয়া বলে জানান তারা।
শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এর মধ্যেই নিহতের পরিবারের সঙ্গে ট্রাক্টরের মালিকপক্ষের এক লাখ টাকায় সমঝোতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। তাদের প্রশ্ন, একটি শিশুর প্রাণের মূল্য কি মাত্র এক লাখ টাকা?
সমঝোতার বিষয়ে জানতে চাইলে শিশুটির ফুফা হাছিমুদ্দি জানান, স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তির মধ্যস্থতায় এক লাখ টাকায় বিষয়টি সমঝোতা হয়েছে।
এ বিষয়ে ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শফি বলেন, তিনি বিষয়টি পরে জানতে পেরেছেন। স্থানীয় লোকজন এক লাখ টাকায় বিষয়টি সমাধান করেছেন।
দুর্ঘটনার বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক প্রধান বলেন, ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হতো।
তবে স্থানীয়দের দাবি, দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হলেও থানায় কোনো মামলা না করে তড়িঘড়ি করে তার লাশ দাফন করেছে পরিবার।
হাসানুরের অকালমৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে জনবসতিপূর্ণ এলাকায় বালুভর্তি ট্রাক্টরের বেপরোয়া চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ঢাকা এক্সপ্রেস/এসএস