ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

এইচএসসিতে অকৃতকার্য হয়ে মাগুরায় দুই শিক্ষার্থীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০:০১, ৩১ অক্টোবর ২০২৬

এইচএসসিতে অকৃতকার্য হয়ে মাগুরায় দুই শিক্ষার্থীর আত্মহত্যা

ছবি : সংগৃহীত

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) নিজ নিজ বাড়িতে তাদের ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

নিহত দুই শিক্ষার্থী হলেন বাপ্পি হোসাইন ও অনন্যা শিকদার। বাপ্পি মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের শফিকুল বিশ্বাসের ছেলে। তিনি শালিখা উপজেলার বুনাগাতি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

অন্যদিকে, অনন্যা সদর উপজেলার নতুনগ্রাম এলাকার অনিল শিকদারের মেয়ে। তিনি কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ফলাফল জানার পর অনন্যা নিজ কক্ষে চলে যান। পরে কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়।

অন্যদিকে, দুপুর ১২টার পর নিজ বাড়িতে বাপ্পির ঝুলন্ত মরদেহ পাওয়া যায় বলে জানা গেছে। প্রাথমিকভাবে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার হতাশা থেকে তারা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছেন তারা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন